দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম শতভাগ বিদ্যুতায়নের দেশ হিসেবে ঘোষিত হলো বাংলাদেশ। গত ২১ মার্চ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধান-খালিতে ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচে বড় কয়লা-ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। ১ হাজার একর জায়গায় সর্বাধুনিক আলট্রা সুপারক্রিটিকেল প্রযুক্তিতে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পায়রা তাপ বিদ্যু কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। যা দক্ষিণবঙ্গের আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখবে। একসময় অবহেলিত ছিল বরগুনা, পটুয়াখালীসহ দক্ষিণ বঙ্গ। ছিল ঝড়-ঝঞ্জায় অবরুদ্ধ। কষ্ট ও দূর্ভোগ ছিল এ অঞ্চলের মানুষের নিত্য সঙ্গী। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি হওয়ায় এখন তারা জীবনকে নতুন করে সুন্দরভাবে সাজাতে পারবে। ব্যবসা বাণিজ্য করে আর্থিক উন্নতি করতে পারবে। ঘর আলো হবার সাথে সাথে জীবনও আলোকিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব কাজ সবাই মিলে এক হয়ে করতে হবে। যাতে বাংলাদেশে আর পিছিয়ে যেতে না পারে। অন্ধকারে ফিরে যেতে না পারে। প্রতিটি মানুষের জীবন আলোকিত হবে, তারা উন্নত জীবন পাবে। এটিই তার সরকারের লক্ষ্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, আশ্রয়হীন থাকবে না। সেটাও তার সরকার করে ফেলবে ইনশাল্লাহ।
দেশে ব্যাপক হারে আর্থিক ও মেগা প্রজেক্ট বাস্তবায়নের কাজ চলছে। একশতটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। সেখানে দেশি বিদেশী বিনিয়োগ আসছে। উৎপাদনে যেতে বিদ্যুতের বিকল্প নাই। তাই বিদ্যুৎ উৎপাদন সময়ের চাহিদা। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে শেখ হাসিনার সরকার প্রথম থেকেই তৎপর ছিল। বিতর্কের মাঝে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হন। অনেক বিতর্কের পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ সঞ্চালন উদ্বোধন করে দেশকে শত ভাগ বিদ্যুতায়ন করলেন। বিতর্কের খাতিরে যারা এর বিরোধিতা করেছিলেন, তেমন কোনো পরিবেশ দূষণের প্রভাব লক্ষ করা যায় নি। প্রধানমন্ত্রীর সাহসিকতা ও দূরদর্শিতায় আজ পুরো বাংলাদেশ আলোকিত। এজন্য তাকে সাধুবাদ জানাতেই হয়।
বিদ্যুতে শিল্পকারখানার চাকা ঘুরবে, গণ-মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, দেশ হবে স্বনির্ভর-এ প্রত্যাশা আমরা করতেই পারি। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে উন্নত দেশ। আমরা সেদিনের প্রতীক্ষায় রইলাম।