কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি নির্মান কাজে অসাবধানতার কারণে তিনদিনের ব্যবধানে দুইজনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পূর্বপাড়া মহল্লায় নির্মানাধীন নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জালালপুর গ্রামের মৃত হাছান আলীর পুত্র।
প্রতিবেশী মোঃ মনির জানান, নির্মাণাধীন নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে গত সোমবার সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে সদ্য এমবিএ পাস মাসুম খান (২৪) নামে এক যুবক তার নির্মানাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। নিহত মাসুম খান উপজেলার মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী আবদুল হেকিমের পুত্র।
কটিয়াদী কনসালটিং এর প্রকৌশলী মো. আলমগীর কবীর বলেন, নির্মান কাজের পূর্ব শর্তই হলো সেফটি ফাস্ট। অর্থাৎ আগে নিরাপত্তা তারপর কাজ। কিন্তু নিরাপত্তার বিষয়টি গুরুত্ব না দেয়ার কারণে দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে নির্মানকাজে জড়িত মালিক শ্রমিক সকলকেই কাজ শুরু করার পূর্বে নিরাপত্তা ও সাবধানতার বিষয়ে অধিক গুরুত্ব দেয়ার আহবান জানান।