ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমিদস্যুর দল লাগাতার হয়রানি করায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভ’ক্তভোগী পরিবার। বুধবার দুপুরে পৌরশহরের কলেজ পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী চাকুরে মাহতাব মিয়ার নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভ’ক্তভোগী পরিবারটি ভূমিদস্যুদের কবল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা চাইছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মাহতাব মিয়ার বড় ছেলে ফারুক আহামেদ।তিনি বলেন বিগত ১৯৮১ সালে রাধানগর মৌজায় বর্তমানে কলেজ পাড়ায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে আমরা বসবাস করে আসছি। বিগত ২০০৬ সালে এলাকার চিহ্নিত একটি ভূমিদস্যুর দল আমার বসবাসের জায়গায় তাদের জায়গা আছে দাবী করে আদালতে একটি বানোয়াট মামলা করেন। যাহা আমার সম্পত্তির সাথে কোনভাবে জড়িত নয়। মামলায় উল্লেখিত ভূমির চৌহদ্দির সীমানাও আমার ভূমির সীমানার সাথে নয়। আমার ভূমিতে তাদের অবস্থান আছে বলে উল্লেখ করলেও তারা কোন দিন কোন ভূমির দখলদার ছিল না এবং আজও নেই। মামলাটি ২০১৪ সালে আদালতে খারিজ করে দেয়। পরবর্তীতে তারা আপিল করে। বিগত কিছুদিন আগে ভূমিদস্যরা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তারা ক্ষমতার বলে আমার কাগজপত্রকে অবৈধ ঘোষণা করে দিবে বলেও হুমকি দেয়। আমরা নিরীহ প্রকৃতির সাধারণ মানুষ। ভূমিদস্যুদের হয়রানি থেকে বাঁচতে চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত মাহতাব মিয়ার বৃদ্ধা স্ত্রী মমতাজ বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলেরা বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে উপার্জিত টাকায় গর্ত জায়গাটি ভরাট করে বাড়ি করেছে। মাননীয় আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের শতকোটি অনুরোধ আমরা ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পায়। আমাদেরকে শান্তিতে বাঁচার ব্যবস্থা করে দেন।