বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭নং ওয়ার্ডে ছাগলধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থগিত ভোট কেন্দ্রে গত সোমবার পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখোর পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্র সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ৫৬৫ জন। প্রিজাইডিং অফিসার মো: আবদুস সবুর সরকার জানান, ৬৪ ভাগ ভোটার ওই কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান করেছেন। বিকেলে ভোট গণনার শেষে মো: মুকুল মন্ডল (আপেল মার্কা) ৯’শ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: শহিদুল ইসলাম শহিদ ৮৮৭ ভোট পেয়েছেন। এ ছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে উম্মে খায়ের (মাইক মার্কা) এ কেন্দ্রে ২৯১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। কেন্দ্র ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এস.আই) মাহবুব হাসান জানান, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের পরে দিনেও সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। উল্লেখ করা যেতে পারে গত ৩১ জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ওই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ফল প্রকাশের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।