চৈত্র মাসের খরায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিশোরগঞ্জে কয়েক হাজার সাধারণ নলকূপে পানি উঠছে না। ফলে অকেজো হয়ে পড়ে আছে নলকূপগুলো। কিছু নলকূপে পানি উঠলেও এর কয়েকটি আবার আর্সেনিকযুক্ত। এতে করে জেলার বিভিন্ন উপজেলায় সুপেয় পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। সবচে বেশি স্বাস্থ্য ঝুকিতে রয়েছেন গর্ভবতী মা ও শিশুরা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন কিশোরগঞ্জ জেলার হস্তচালিত সরকারী নলকূপের পরিসংখ্যানে জানা গেছে, জেলার তেরটি উপজেলায় গভীর ও অগভীর মোট নলকূপ রয়েছে ৪৬ হাজার ৫৭০টি। মোট চালু রয়েছে ৪৩ হাজার ৪৮৯টি। এরমধ্যে অগভীর ১১৯৪টিসহ মোট অকেজো রয়েছে তিন হাজার ৮১টি নলকূপ। এসব সরকারি নলকূপের পাশাপাশি জেলার প্রায় ৩৩ লাখ জনসাধারণের অগভীর ও গভীর নলকূপও রয়েছে হাজার হাজার। ব্যক্তিগতভাবে স্থাপিত অনেক নলকূপেরও পানির স্তর নীচে নেমে যাওয়ায় পানি পান করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ভূক্তভোগীদেরকে।
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়া, নয়াপাড়া, চরপাড়া, কলাপাড়া, ভাষ্করখিলা, ভদ্রপাড়া, নাথপাড়া, কাশুরারচর, আগপাড়া, দরিয়াবাদ, চংশোলাকিয়া, লতিবাবাদ ইউনিয়নের সহ ১৯টি গ্রামের মধ্যে ১০টি গ্রামের নলকূপগুলোয় পানি উঠছে না। কোনো কোনো গৃহস্থ চুরির ভয়ে পাইপ থেকে নলকূপ খুলে ঘরে নিয়ে রেখেছেন। গৃহিণী ও কিশোরীরা কলসি কাঁখে দূরবর্তী নলকূপ থেকে পানি সংগ্রহ করছেন। মসজিদের নলকূপে পানি না ওঠায় মুসল্লিরা অজু করতে পাশের ডোবার পানি ব্যবহার করছেন। এসব গ্রামে বর্তমানে ধোয়া-মোছার কাজে পুকুর কিংবা ডোবার পানি ব্যবহার করা হচ্ছে। এতে হেপাটাইটিস-বি, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চৈত্র-বৈশাখ মাসে খরার কারণে অবস্থা আরও প্রকট আকার ধারণ করবে বলে এলাকাবাসীর আশঙ্কা। বর্তমান অবস্থা থেকে বলা যায়, মাস পর ৯০ শতাংশ নলকূপেই পানি উঠবে না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
কিশোরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডেও বাসিন্দা সাবেক বিআরডিবি অফিসার মনোরঞ্জন সেন বলেন, পানির জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে, পানির স্তর নীচে নেমে যাওয়ায় বেশীরভাগ সাবমার্সিবল বন্ধ হওয়ার পথে, ৮০ফুটে পানি নাই, মনে হচ্ছে অশনিসংকেত। কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেয়ার সময় চলে যাচ্ছে আমাদের ভূউপরিভাগের পানি ব্যবহার নিশ্চিত করা উচিত বিশেষ করে পুকুর গুলো সংস্কার করে পানির উৎস রক্ষার ব্যবস্থা নেওয়া জরুরী।
জেলা সদরের লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ মুন্সীবাড়ীর মোঃ শামসুজ্জামান বলেন, আমার নিজেরসহ মহল্লার আশপাশের সমস্ত নলকূপে পানি নেই। পানির জন্য চারিদিকে হাহাকার চলছে।
সদরের মহিনন্দ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শাহ আলম, হুমায়ুন, মুশাহিদ জানান, ‘আমাদের নয়াপাড়া গ্রামে লোকসংখ্যা দেড় হাজার। তার মধ্যে অনেক মানুষের বাড়িতে পানির কল নেই। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ নলকূপ অকেজো হয়ে পড়ায় পূর্বপাড়া গ্রাম থেকে এলাকার বাসিন্দাদের পানি সংগ্রহ করতে হচ্ছে। কয়েকটি বাড়ির পর একটি নলকূপে পানি পাওয়া যায়।’
গোয়ালাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ রবিন জানান, আমাদের মসজিদের নলকূপটিতে পানি না ওঠায় বিকল্প পদ্ধতিতে মুসুল্লীদের জন্য ওজুর ব্যবস্থা করা হয়েছে। আমার নিজের বাড়ির নলকূপেও পানি আসে না।
গোয়ালাপাড়ার বাসিন্দা প্রভাষক আবুল হাশেম বলেন, পানির জন্য অনেক কষ্ট পোহাতে হচ্ছে। আমার নিজের টিউবওয়েলে এমনকি আমাদের বাড়ির অনেকের টিউবওয়েলে পানি ওঠছে না।
সমাজকর্মী মোঃ নুরুল হক বলেন, আমাদের বাড়ির টিউবওয়েলে পানি ওঠছে না। পানির স্তর নীচে নেম যাওয়ায় আমার নিজের মর্টারেও পানি আসছিলো না পরে আরও ১০ ফুট গভীরে পাইপ স্থাপন করলে পানি আসে।
মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী জানান, এই সময়টায় পানির স্তর নিচে নামছে। বিশেষ করে পানযোগ্য পানির চরম সংকট চলছে। নলকূপের জন্য অনেকেই আবেদনপত্র ইউপি কার্যালয়ে জমা দিয়েছেন। বরাদ্দ না দিলে আমাদের করার কিছু নেই।
কয়েকজন পৌর নাগরিক জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের পানি বিষয়ে একটি আইন উল্লেখ আছে- পৌরসভার পানি ছাড়া এখানকার নাগরিকরা ব্যক্তিগতভাবে নলকূপ বসানোর জটিলতা রয়েছে। ফলে অনেকেই ব্যক্তিগতভাবে নলকূপ বসাতেও পারছে না।
পৌরসুত্রে জানা গেছে একটি আইন আছে যে, পৌরসভার ভেতরে ভূগর্ভস্থ সকল পানির মালিক পৌরসভার। এই আইনটি অনেক আগেই করা হয়েছে। ব্যক্তিগতভাবে নলকূপ বসাতে কোনো বাঁধা নেই। তবে নলকূপগুলো এক হাজার ফিটের গভীরে হতে হবে। এ কারণে অনেকে বসাতে চায় না। পৌরসভার সাপ্লাইয়ের পানির কিছুটা সমস্যা আগে ছিল বর্তমানে কোনো সমস্যা নেই।’
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া জানান, বর্তমান মৌসুমে পানির স্থিতিতল অনেক নিচে নেমে গেছে। কিশোরগঞ্জে পানির স্থিতিতল প্রায় আশি ফিট নিচে চলে গেছে। অনেক নলকূপে পানি উঠছে না। এ অবস্থায় বিশেষ করে সাবমার্সিবল পাম্পযুক্ত নলকূপগুলো ঝুঁকিতে আছে। সাবমার্সিবল পাম্প যদি পানির সংস্পর্শে না থাকে তাহলে নলকূপ থেকে পানি ওঠবে না। পাম্প গরম হয়ে পুড়ে যাবে এবং নলকূপের পাইপের সাথে আটকে যাবে। স্থায়ীভাবে নলকুপটি অকেজো হয়ে পড়বে। তাই কারো নলকূপ বিশেষ করে সাবমার্সিবল পাম্পযুক্ত নলকূপে যদি পানি না ওঠে তবে সুইচ বন্ধ রাখুন এবং প্লাম্বার বা স্যানিটারি মিস্ত্রি ডেকে এনে বাড়তি কলাম পাইপ লাগিয়ে নলকূপ চালু করুন। প্রয়োজনে পরামর্শ বা কারিগরি সহযোগিতার জন্য স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসে যোগাযোগ করার জন্য আহবান জানিয়ে ফেসবুব পোস্টে সচেতনতা সৃষ্টি করেছেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আবিদুর রহমান ভূঞা বলেন, বাংলাদেশে মাটির নিচে পানির স্তর ক্রমশই আরো নিচের দিকে নেমে যাচ্ছে। সরকারি হিসেব মতেই সারা দেশের নানা যায়গায় পানির স্তর ৪ থেকে ১০ মিটার পর্যন্ত কমে গেছে। এ কারণে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে এর বদলে সরকারি কর্মকর্তারা এখন মাটির উপরিভাগের পানি অর্থাৎ পুকুর বা নদী নালার পানির ব্যবহার বাড়াতে জোর দেবার কথা বলছেন।
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৪৪ শতাংশ মানুষ খাওয়ার জন্যে নিরাপদ পানি পায় না। এই পুকুর ডোবার পানি নিরাপদ না হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়েছে। তিনি আরও বলেন, নিরাপদ পানি পান না করলে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য ঝুকির সম্ভাবনা রয়েছে।
কিশোরগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জলবায়ুর বিরুপ পরিবেশ ও উষ্মতা বৃদ্ধি পাওয়ার কারণে এ সময় জেলার অধিকাংশ এলাকা বিশেষ করে সদর উপজেলায় পানির স্তর নিচে নেমে যায়। দিন দিন পানির ব্যবহারের সংখ্যাও বাড়ছে। বৃষ্টি না হওয়া এবং প্রচ- খরার কারণে এবার অবস্থা আগের চেয়ে প্রকট। তবে বৃষ্টি হলে অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।