গাজীপুরের টঙ্গী গাজীপুরা এলাকায় পোশাককর্মী ছামিরন নেছাকে (২৬) হত্যার দায়ে স্বামী ফজলুর রহমান ফরহাদকে (২৭) শেরপুর থেকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। হত্যাকান্ডে ঘটনায় গাজীপুর বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। গ্রেফতারকৃত ফজলু শেরপুর জেলার নালিতাবাড়ি থানার কালিনগর গ্রামের তারা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ছামিরন নেছা ও ফজলুর রহমান দম্পতি তাদের একমাত্র শিশু কন্যা ফারজানাকে (৪) নিয়ে গাজীপুরা আলী আকবরের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। পাশাপাশি তারা উভয়েই স্থানীয় একটি পোশাক কারখানায় (স্যাটার্ণ টেক্সটাইলস লি.) কাজ করতেন। এরমধ্যে ছামিরন জানতে পারেন তার স্বামী আগে একটি বিয়ে করেছিলেন। বর্তমানে ওই তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে গোপনে যোগাযোগ রক্ষা করে চলছেন এমনকি বিভিন্ন পরনারীর সাথে তার সম্পর্ক রয়েছে। এরই জের ধরে গত কয়েকদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও সাংসারিক অশান্তি চলছিল। একপর্যায়ে গত বুধবার (১৬ মার্চ) ফজলু তার মেয়ে ফারজানাকে গাজীপুর চৌরাস্তায় ফারজানার দাদির কাছে রেখে বাসায় আসে এবং বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ছামিরনকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে ঘরের দরজা বাহির থেকে ছিটকানি আটকিয়ে চলে যায়। ওইদিন সরকারি ছুটি এবং কারখানা বন্ধ থাকায় প্রতিবেশিরা কেউ কারো খোঁজ নেয়নি। দুপুরের দিকে তাদের ঘরের দরজা বাইরে থেকে ছিটকানি আটকানো দেখে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ছামিরনের নিহর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ ওইদিন বিকেলে উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন এবং হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে ফজলুকে গ্রেফতারে থানার এসআই সাব্বির হোসেন অভিযান শুরু করেন। একপর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর থেকে তাকে গ্রেফতার করে থানা নিয়ে আসে। শুক্রবার তাকে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি হত্যাকান্ডের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, ঘটনার ৭ ঘন্টার মধ্যে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামি হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।