বগুড়ার নন্দীগ্রাম থানায় এক মাস পেরুতেই আবারও ওসিকে বদলি করা হয়েছে। এনিয়ে ১৪ মাসে পাঁচজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হলো। সর্বশেষ গত ১৪ মার্চ হাসান আলীকে বদলি করে জেলার নারুলি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেনকে ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২০২০ সালের ২৫ নভেম্বর নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবিরকে বদলি করে কুষ্টিয়া সদরের দায়িত্ব দেয়া হয়। তার স্থলে সেদিনই নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদেন নাসির উদ্দিন মন্ডল। তিনি যোগদান করার দুদিন পরই অন্যত্র বদলি হয়ে চলে যান। এরপর গত ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন কামরুল ইসলাম। ছয় মাস দায়িত্ব পালনের পর তারও গত ২০২১ সালের ১০ জুন রাজশাহী জেলায় বদলি হয়ে যান। সেখানে তার স্থলে সেদিনই জেলার শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদকে নন্দীগ্রাম থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়। পরে গত ১২ ফেব্রুয়ারি আবুল কালাম আজাদকে বদলি করে জেলার দুপচাঁচিয়া থানার পরিদর্শক হাসান আলীকে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
সর্বশেষ গত ১৪ মার্চ হাসান আলীকেও ঢাকা পুলিশ হেডকোয়ার্টাস বদলি করা হয়। তারস্থলে গত ১৮ মার্চ জেলার নারুলি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেনকে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এনিয়ে গত ১৪ মাসে পাঁচ ওসিকে নন্দীগ্রাম থানা থেকে বদলি করা হলো। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বলেন, নিয়মিত বদলি হিসেবে তাকে বদলি করা হয়েছে।