রংপুরের পীরগাছায় সড়ক পার হতে গিয়ে অটোর ধাক্কায় হোসেন আলী (৬) নামে এক শিশু মারা গেছেন। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি। হোসেন আলী উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ কামদেব গ্রামের ভিক্ষুক মোজাফ্ফর আলীর ছেলে। শুক্রবার সকাল ১১ টার দিকে হোসেন আলী রাস্তা পারাপারের সময় একটি অটো তাকে ধাক্কা দেয়। পরে তাকে প্রথমে পীরগাছা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টায় সে মারা যায়। এ ঘটনায় অভিযুক্ত অটোটি আটক করা হয়েছে বলে জানান ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রমজান আলী।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।