পিরোজপুরের ভান্ডারিয়া থেকে পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ রাজিব (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত রাজিব বরগুনা সদর উপজেলার আমতলারপার এলাকার মোশারেফের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ভান্ডারিয়া থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার নদমুলা ইউনিয়নের চেয়ারম্যান বাড়িগামী পাকা ব্রিজের ওপর এলে সেখানে রাজিবকে দেখে সন্দেহ হলে তাকে পরিচয় জিজ্ঞেস করা হয়। এ সময় তিনি দৌঁড়ে পালাবার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এক সদস্য বাদী হয়ে রাজিবের নামে ভান্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মো. জাকারিয়া জানান, রাজিবকে আসামি করে ভান্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। মামলার নথি সূত্রে জানা গেছে, রাজিবের নামে বরগুনা সদর থানায় রুজুকৃত দুইটি মাদক, একটি নারী শিশু এবং চারটি গুরুতর জখমসহ হত্যার চেষ্টা মামলা আদালতে বিচারাধীন।