মহাবীর ঈসা খঅনের অধস্তন পুরুষ দেওয়ান জিলকদর খানের স্মতি বিজড়িত কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক ৪ মাস ৬ দিন পর খোলা হয়েছে। শনিবার, ১২ মার্চ সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়। আটটি দান সিন্দুক খোলার কাজ শেষ করতে সময় লেগেছে এক ঘন্টা। সকাল ১০টায় আটটি দান সিন্দুক খোলার পর মোট ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। এ ছাড়া পাওয়া গেছে স্বর্লঙ্কার ও বৈদেমিক মুদ্রা। এ রিপোর্ট লিখা পর্যন্ত গণনার কাজ চলছিলো।
সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়। কিন্তু এবার ৪ মাস ৬ দিন পর দান সিন্দুক খোলা হলো। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার (১২ মার্চ) সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত টাকা গণনার কাজ চলছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান ও সুশান্ত সিংহ টাকা গণনার কাজ তদারকি করছেন।
প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদটির দানসিন্দুকগুলোতে নগদ টাকা-পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার দান করেন। এ ছাড়া গবাদিপশু, হাঁস-মুরগীসহ বিভিন্ন ধরনের জিনিসপত্রও মসজিদটিতে দান করা হয়। কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মনোবাঞ্চনা পূর্ণ হয়। সেজন্য দূর-দূরান্ত থেকেও অসংখ্য মানুষ এখানে দান করে আসছেন।
গত ৬ নভেম্বর যখন সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা করা হয়েছিল তখন সেখানে ৩ কোটি ৭লাখ ১৭ হাজার ৫৮৫ টাকাসহ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল।