ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন কাল (১২ র্মাচ) অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ নয় বছর পর এ সম্মেলনকে ঘিরে উপজেলার রাজনীতি সরব হয়ে উঠেছে। এ নিয়ে উপজেলাসহ পৌরশহরের বিভিন্ন এলাকায় তোরণ, পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে। সম্মেলনকে ঘিরে সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। এবারের সম্মেলনে দলের সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্ধীর নাম শোনা যাচ্ছে। উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা সৃষ্টি হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবাদুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। এতে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন। এ ছাড়া উপজেলা আওয়ামলীগের যুগ্ন-আহবায়ক আবুল কাশেম ভ’ঁইয়া, মনির হোসেন বাবুল ও সেলিম ভ’ঁইয়া বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করবেন।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও আমাদের অভিভাবক স্থানীয় সংসদস সদস্য (কসবা-আখাউড়া) ও আইনমন্ত্রী আনিসুল হক যাকেই নেতা নির্বাচিত করবেন আমরা সবাই তাকেই আনন্দের সাথে মেনে নিব।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ড. আব্দুল্লাহ ভ’ঁইয়া বাদল বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। ধারনা করা হচ্ছে দলীয় নেতাকর্মীসহ ২৫ হাজার মানুষের এতে সমাগম হবে। সম্মেলন সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন।