রংপুর জেলায় কর্মরত অসচ্ছল মৃত্যুবরণকারী ও করোনাকালীন ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান অনুষ্ঠানিকভাবে সাংবাদিকের মাঝে চেক বিতরণ করেন। এ সময় রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বাপ্পী, সাংবাদিক মেরীনা লাভলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলী আশরাফ, দৈনিক সমকালের রংপুর প্রতিনিধি প্রয়াত ইকবাল হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের রংপুর প্রতিনিধি শাহজাদা মিয়া আজাদের পরিবারকে ৩ লক্ষ করে মোট নয় লক্ষ টাকা ও করোনায় ক্ষতিগ্রস্ত রংপুরের বিভিন্ন পত্রিকায় কর্মরত ১০জন সাংবাদিককে দশ হাজার করে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এর আগে দুই দফায় করোনাকালীন ক্ষতিগ্রস্ত ১১৭জন সাংবাদিককে ১০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।