ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল ভূমিতে অবৈধ দখলে থাকা বাসাবাড়ি উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পৌরশহরের বাগানবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় ৫টি বাসাবাড়িসহ একাধিক স্থাপনা বেকু দিয়ে ঘুড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া-লাকশাম ডাবল লাইল নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক আকতারুজ্জামান, পূণর্বাসন জুনিয়র বিশেষজ্ঞ আশিক মাহামুদসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় একাধিক ভূক্তভোগী অভিযোগ করে বলেন, প্রকল্প কর্তৃপক্ষ কোন ধরনের ক্ষতিপূরণ না দিয়েই তাদের এখানে উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলওয়ের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানায়। বাগানবাড়ি এলাকার মাধবী নামের এক নারী অভিযোগ করে বলেন, বাড়ির কাগজপত্র জমা দিতে চেয়েছিলাম তারা নেয় নি। এখন হঠাৎ এসে বাড়িঘর ভেঙ্গে দিয়েছে। আমরা এখন কোথায় যাব? পারভীন আক্তার নামে আরেক নারী বলেন, তারা কাগজপত্র চেয়েছিল। আমরা দাগ নম্বারসহ দলিল জমা দিয়েছি। এখন তারা বলে আমাদের দাগ নাম্বার নাকি ভুল। আরেক ভূক্তভোগী বলেন, তারা আমাদের একটি টাকাও দেয়নি। টাকা পেলে আমরা অনেক আগেই এখান থেকে চলে যেতাম। উচ্ছেদের প্রয়োজন হতো না।
পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জান্নাত হোসেন ঈশান জানান, আমার জানা মতে এখানকার ৪/৫টি পরিবার কোন ক্ষতিপূরণ পায়নি। অভিযান চলাকালে তারা প্রতিবাদ করছিল। পরে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা মালামাল সরিয়ে নেয়।
আখাউড়া-লাকশাম ডাবল লাইল নির্মাণ প্রকল্পের জুনিয়র পূণর্বাসন বিশেষজ্ঞ আশিক মোহাম্মদ বলেন, দুই বছর আগেই তাদের নোটিশ দেয়া হয়েছিল। পর্যাপ্ত ও প্রয়োজনীয় কাগজপত্র দিতে ব্যর্থ হওয়ায় তাদের উচ্ছেদ করা হচ্ছে।