চাঁদপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও সাংবাদিক পথচারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। বেগম মসজিদসহ আশপাশের বিল্ডিং এর জানালার কাঁচ ভাংচুর করা হয়েছে। পনের বিশ মিনিটের মধ্যে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের চেয়ে সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি অনেক বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
৯ মার্চ বুধবার বিকেল ৪টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার বেগম মসজিদের সামনে
এই ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ও ২৫ রাবার বুলেট ছুড়েছে বলে জানা যায়।
এ সময় একটি খোলা ট্রাকের উপরে অস্থায়ী মঞ্চ স্থাপন করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করছিল চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। হামলা ও ধাওয়া-পাল্টা যাওয়ার পর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ওই স্থান ত্যাগ করে। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসে।
ঘটনাস্থল থেকে রাস্তায় বের করা ট্রাক জব্দ করে পুলিশ।
খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে সমাবেশ করছিল। এতে যান চলাচলে বিঘœ ঘটায়। পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা প্রদান করে। আমরা যে ট্রাকটির উপর দাঁড়িয়ে সমাবেশ করেছিল সেটি জব্দ করেছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলের নেতৃত্বে একটি বিশাল মিছিল পৌর ঈদগাহ মাঠ থেকে বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় এবং ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন বলেন, রাস্তা অবরোধ করে সমাবেশ করায় পুলিশ আন্দোলনকারীদের বাধা প্রদান করা হয়। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।