রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনসহ সরকারি দপ্তরসমূহের প্রধান হিসেবে নারীরা এগিয়ে আছেন। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বিষয়টি উত্থাপন করেন। উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর আয়োজিত দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ম হলে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ব্র্যাক হেল্প কর্মসূচির সহযোগিতায় দিবসের তাৎপর্য বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা আলম রীনা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার প্রমুখ মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম, নারী নেত্রী রওশনারা বেগম প্রমুখ। আলোচনা সভায় উল্লেখ করা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিন, উপজেলা সাব-রেজিষ্টার খালেদা সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ,উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম, পাট উন্নয়ন কর্মকর্তা চায়না খাতুন, তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ জান্নাতুল রেহানা মহিলা। পৌর মেয়র তার বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী মহিলা, আমাদের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী মহিলা, আমাদের ইউএনও বিরোদা রানী রায় মহিলা। তাছাড়াও সরকারী কয়েকটি দফতরে মহিলা রয়েছেন। মহিলারা এখন আর পিছিয়ে নেই। তারা সমাজ-রাষ্ট্রের উন্নয়নে অনেক কাজ করছেন। আজকের নারী দিবসে এর চেয়ে আর কি পাওয়া হতে পারে। তাই আসুন, আমরা দেশকে ভালবাসি, দেশকে এগিয়ে নিয়ে যাই। শেষে ব্র্যাক পল্লী সমাজ সদস্যদের কবিতা আবৃতি, সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়।