কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জামালপুর ও টাঙ্গাইল জেলায় তিনদিনের সরকারী সফরে পুষ্টিবাগান চাষীদের অন্য রকম অভিজ্ঞতা অর্জন হয়েছে। বিশেষ করে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ ভ্রমণে আমি নিজেও একজন পারিবারিক পুষ্টি বাগান চাষী হিসেবে পরিদর্শনে গিয়ে অনেক অজানা বিষয়ে জ্ঞাত হতে পেরেছি। হাতে কলমে কৃষি বিজ্ঞানের ধ্যান ধারনা পেয়েছি। প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে জীবন মান উন্নয়ন করা সম্ভব হবে এটার নিশ্চিত হতে পেরেছি। কারণ কৃষি বিভাগ থেকে প্রথমে চাষীদেরকে প্রশিক্ষণ প্রদান করে পরে মাঠে চাষাবাদ করতে পরামর্শ দেন। আর সে পরামর্শনুযায়ী চাষীরা জমি আবাদ করতে গিয়ে সফলতার অনেক নজীর রয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে সর্ব প্রথম প্রশিক্ষণ নিয়েছিলাম ২০০৬ সালে সদর উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে। পরবর্তীতে প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে শাক সবজি আবাদে সফলতা কুড়াতে পেরেছি। বর্তমানে সদরের কৃষি অফিসার মোঃ জামাল উদ্দিনের মাধ্যমে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রুনা আক্তারের পরামর্শক্রমে পারিবারিক পুষ্টি বাগান আবাদ করলে কৃষি বিভাগের কর্তৃপক্ষের দৃষ্টিকাড়ে। সদরের ৪২ জন পুষ্টি বাগান চাষীদের থেকে বাচাই করে আমাকে ও দানাপাটুলী ব্লকের আবু হানিফ নামে দুজন কৃষককে সরকারীভাবে উদ্বুদ্ধকরণ সফরের আমন্ত্রণ করে। সদরের উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আবুল হাসেম ভাই ও মহিনন্দের সন্তান মোঃ রোকন উদ্দিন ভাই জানালেন ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত সরকারীভাবে পুষ্টি বাগান চাষী প্রশিক্ষণে যেতে হবে। তাই ১ মার্চ সকালে গাইটাল হর্টিকালচার সেন্টারে উপস্থিত থাকবেন। আমিও প্রস্ততি নিয়ে সাত সকালেই হর্টিকালচার সেন্টারে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ছাইফুল আলম নিজেই পুষ্ট বাগান চাষীদেও সাথে কুশল বিণিময় করছেন। সফরের শুরুতে নাস্তা আপ্যায়ন করানো হয় এবং কৃষকদেরকে নানা উপদেশও দেন। অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাইফুল হাসান আলামিন জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ৩০ জন পুষ্টি বাগান চাষীদেরকে ফোন করে একত্র করে সফরের দিক নির্দেশনা দিলেন। এ সময় সাথে ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মাহবুবুর রহমান, এসএএও মোঃ রোস্তম আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাছিরুজ্জামান, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ হামিমুল হক, বাদল ভাই ও আমার নিজ গ্রাম মহিনন্দের বাসিন্দা জেলা অফিসে কর্মরত মোঃ মাহফুজুর রহমান। সেদিন আমরা প্রথমে গাইটাল হর্টিকালচার সেন্টারের থেকে জামালপুরের উদ্দেশে রওয়ানা দিয়ে দুপুরের দিকে সেখানে উপস্থিত হই।
জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দ্বায়িত) ড. মো: মঞ্জুরুল কাদির,ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ সাইদুর রহমান আমাদেরকে অভ্যর্থণা জানান সানন্দে। তার নান্দনিক উপস্থাপনা ও অতিথি বরণে কৃষকরা খুবই খুশি হলেন। একজন অফিসার সাধারণ কৃষকদেরকে এতটাই আপন করে নিয়েছিলেন যে তা ভোলার নয়। আমার কাছেও খুব ভালো লেগেছিলো বিশেষ করে তিনি ইতিহাসের প্রসঙ্গ তুলে আমাদেরকে নানা ফসলের বিষয়ে বুঝাতে ছিলেন। তিনি বলেন, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর ভিশন হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ। আর মিশন হলো ফসলের উচ্চ ফলনশীল, পুষ্টিমান সম্পন্ন ও প্রতিকুল পরিবেশ সহিষ্ণু জাত উদ্ভাবন ফসলভিত্তিক উন্নত, আধুনিক ও টেকসই উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও লাগসই ফসল বিন্যাস নির্ধারণ পরিবেশবান্ধব শস্য সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবন মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও উন্নয়ন লাগসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করা শস্য সংগ্রহোত্তর ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য লাগসই প্রযুক্তি উদ্ভাবন। উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ হস্তান্তরের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ফসলের বাজার ব্যবস্থাপনা সমীক্ষা করা।
তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) অধ্যাদেশ ১৯৭৬ (খঢ ওও ড়ভ ১৯৭৬) অনুসরণে বিএআরআই একটি স্বায়ত্ব শাসিত কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটের ছয়টি আঞ্চলিক কেন্দ্রের একটি হচ্ছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর। এই কেন্দ্রটি উন্নত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে গম, ভুট্টা, কাউন, সকল প্রকার ডাল, তৈলবীজ, কন্দাল ফসল, ফল এবং সবজির উতপাদন বৃদ্ধির জন্য বদ্ধ পরিকর।
দীর্ঘ আলোচনার শোনার পর পুরো গকেষণা এলাকা পরিদর্শন করার জন্য আমাদেরকে আহবান করেন। আমরা যখন গবেষণা এলাকা পরিদর্শন করছিলাম আর নানা বিষয় উপভোগ করছিলাম তখন অনেক অজানা বিষয়ের আবাদ ও গবেষণা কার্যক্রম দেখে আরও পুলকিত হই। বিশেষ করে বাংলাদেশে হাইড্রোপনিক কৃষির ইতিহাসে যে আমাদের দেশেও আবাদ করা যায় তার বর্ণনা জেনে মুগ্ধ হই। গবেষণা কর্মকর্তা বলতেছিলেন যে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভাসমান বেডে যে সবজি আবাদ হয়ে আসছে তা হাইড্রোপনিক পদ্ধতিরই একটি সাধারণ রূপ বলা যেতে পারে। আমাদের শহরাঞ্চলে দীর্ঘদিন ধরে লতানো গাছ বোতলে পানির মধ্যে রেখে বারান্দায় গ্রিলে উঠিয়ে দেয়ার যে রীতি তাও হাইড্রোপনিক ব্যবস্থাপনারই মূলমন্ত্র। অনেক সময় পাতাবাহার জাতীয় গাছের ডাল কেটে বোতলের পানিতে রেখে মূল গজিয়ে তারপর মাটিতে লাগানো হতো সেটাও একই ধারণা প্রসূত। বর্তমানে এ পুরনো ধারণার সাথে যোগ হয়েছে পানিতে গাছের খাদ্য উপাদান মিশিয়ে এবং পরিবেশের অন্যান্য প্রভাবগুলো নিয়ন্ত্রণ করে বাণিজ্যিকভাবে ফসল উৎপাদন সম্পর্কিত ব্যবস্থাপনা। পৃথিবীর অন্যান্য দেশ অনেক আগে থেকেই আধুনিক হাইড্রোপনিক পদ্ধতিতে ফসল চাষ শুরু করে। বাংলাদেশ হাইড্রোপনিক পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করে মাত্র কয়েক বছর আগে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ১৯৯৮ সালে প্রথম এ পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন। বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা, সার্বিক পর্যালোচনা এবং অভিজ্ঞতা অর্জন করতে লেগে যায় ২০০৫ সাল পর্যন্ত। অতপর ২০০৬ সালে এসে শুরু হয় হাইড্রোপনিক কালচারের ওপর প্রকৃত গবেষণা।
বছরান্তে ২০০৭ সালে বাংলাদেশের জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ হাইড্রোপনিক পদ্ধতির গবেষণা শুরু হয় টমেটো, ক্যাপসিকাম, লেটুস ও স্ট্রবেরি নিয়ে। আরও এক বছর পরে ২০০৮ সালে তার সাথে যোগ হয় ক্ষিরা, শসা, গাঁদা ফুল ও বেগুন। এভাবে ২০০৯ সালে বামন শিম, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এবং চন্দ্রমল্লিকাকেও গবেষণার তালিকায় আনা হয়। অতঃপর ২০১১-১২ অর্থবছরে এ প্রতিষ্ঠান হাইড্রোপনিক কালচার পদ্ধতিতে বারোটি অর্থনৈতিক ফসল উৎপন্ন করতে সক্ষম হয় যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ষোলোতে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রেও এগিয়ে চলেছে হাইড্রোপনিক কালচারের জন্য গবেষণা। এরমধ্যে জামালপুরের গকেষণা কেন্দ্রটিও অন্যতম স্থান করে নিয়েছে। গবেষণা শুরু করেছে বিভিন্ন বিশ^বিদ্যালয়। গবেষণার পাশাপাশি হাইড্রোপনিক পদ্ধতিতে ফসল চাষ সম্প্রসারণ কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। এগিয়ে আসছেন আগ্রহী কৃষকগণ।
গবেষণা কার্যক্রম বিকেল পর্যন্ত চলে। বিকেলে অনেকটা সময় পেলাম তাই সে সময়টুকু আমি অলস বসে না থেকে কৃষি বিভাগের মুরুব্বী বাদল ভাইকে নিয়ে চলে যাই জামালপুরের শাহ জামালের মাজার যিয়ারতে। যিয়ারতকালে মাজারের দায়িত্বশীলদের সাথে কথা বলে জানতে পারলাম দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে (১৫৫৬-১৬০৫) ধর্ম প্রচারক হজরত শাহ জামাল (রহ.) ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশে ২০০ অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। পরবর্তী সময়ে ধর্মীয় নেতা হিসেবে দ্রুত তার প্রাধান্য বিস্তার লাভ করেন তিনি এবং তার নামেই এই অঞ্চলের নামকরণ হয় জামালপুর।
মাজার যিয়ারত করে ফিরে আসি পুরাতন ব্রম্মপুত্র নদের তীরে অবস্থিত মনোরম পরিবেশে পঁচিশ একর জায়গাজুড়ে জামালপুর হর্টিকালচার সেন্টারে। সেখানে রাত্রি যাপন করার পর পরদিন সকালে জামালপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান আমাদেরকে বিদায় জানান। সেখান থেকে আমরা সরাসরি আমাদের বাস যোগে বিশ^খ্যাত ২০১ গম্বুজ মসজিদ দেখার জন্য রওয়ানা হই। কয়েক ঘন্টার যাতায়াতের পর গোপালপুরে পৌছি। সেখানকার ২০১ গম্বুজ মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত, যা ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয়। মসজিদের ছাদে সর্বমোট ২০১ টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি ‘২০১ গম্বুজ মসজিদ’ নামে পরিচিতি লাভ করে।
২০১৩ সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫ বিঘা জমির ওপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য ১৪৪ ফুট এবং প্রস্থ ১৪৪। দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটি উচ্চতায় ৮১ ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে ১৭ ফুট উচ্চতার আরো ২০০টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোণায় ১০১ ফুট উঁচু ৪ টি মিনার মিনার রয়েছে। এছাড়াও ৮১ ফুট উচ্চতার চারটি মিনার পাশাপশি স্থাপন করা হয়েছে। আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে, যার উচ্চতা ৪৫১ ফুট। ২০১ গম্বুজ মসজিদে এক সঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের সুযোগ রয়েছে। মসজিদের দেয়ালে অংকিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরিফ। আর মসজিদের প্রধান দরজা তৈরীতে ব্যবহার করা হয়েছে ৫০ মণ পিতল। মসজিদে যোহরের নামাজ আদায় শেষে আমরা চলে যাই টাঙ্গাইলের ধনবাড়ী হর্টিকালচার সেন্টারে। হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মাসুদুর রহমান,উপসহকারী উদ্যান কর্মকর্তা বিউটি আক্তার,উপসহকারী উদ্যান কর্মকর্তা আব্দুল জলিল আমাদেরকে বরণ করে নেন। সেখানেই ওঁরা আমাদের পুরো টিমকে দুপুরের লাঞ্চ আপ্যায়িত করেন।
সবাইকে লাঞ্চের জন্য বিরতি দিলে এই অবসর সময়টুকু কাজে লাগানোর তাগিতে টাঙ্গাইলের ধনবাড়ি জমিদার বাড়ি দেখার জন্য চলে যাই। হর্টিকালচার সেন্টার থেকে খুব একটা বেশি দূরে নয়। তাই সেখানকার প্রচলিত ভ্যান গাড়ী দিয়েই ধনবাড়ী জমিদার বাড়িতে গিয়ে বিশাল অবকাঠামো ও স্থাপত্য নিদর্শন দেখে পুলকিত হই। প্রায় ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর, নওয়াব, সি.আই.ই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী। যিনি ব্রিটিশ শাসনামলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রীত্বের পদ লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি। তবে একটি সূত্রমতে মোঘল শাসনামলে সেনাপতি ইস্পিঞ্জর খাঁ ও মোনোয়ার খাঁ সিংহ নামের একজনকে পরাজিত করে ওই জমিদারীর সূচনা করেন। তবে এই জমিদার বাড়ির প্রসিদ্ধ প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ নবাব আলী চৌধুরীকেই ধরা হয়। যদিও তার বাবা এখানে এসে প্রথমে বসতি স্থাপন করেন। তিনি বেশ সুনামের সাথে ওই জমিদারী পরিচালনা করতে থাকেন। এরপর জমিদারী আমল থেকে এখন পর্যন্ত তার বংশধররা ওই জমিদারীর আওতায় থাকায় সবকিছু দেখভাল করছেন।
বাড়িটি দেখার পর ধনবাড়ি হর্টিকালচার সেন্টারে সফর সঙ্গী পুষ্টি বাগান চাষী ভাইদের সাথে একত্র হই এবং সেখান থেকে আমরা বিদায় নিয়ে কিশোরগঞ্জের উদ্যেশে রওয়ানা দেই। পথিমধ্যে মধুপুরের স্বনামধন্য আনারস বাগান পরিদর্শন করি এবং কিছু আনারস সংগ্রহ করি। এরপর সেখান থেকে মুক্তাগাছায় আসলে আমাদের বাসের দলনেতা জানালেন ঐতিহ্যবাহী মুক্তাগাছার মন্ডা ক্রয়ের জন্য কিছুক্ষণের বিরতি দেবেন।
আমি এই ফাকে মুক্তাগাছা জমিদার বাড়িটি এক নজর দেখে নেই। ইতিহাস থেকে জানা যায় মুর্শিদ কুলি খাঁর কাছ থেকে শ্রীকৃষ্ণ আচার্য তার কৃতিত্বের পুরস্কার স্বরূপ বিনোদবাড়ির জমিদারি পান। মুক্তাগাছার আগের নাম ছিল ‘বিনোদবাড়ী’। মুক্তাগাছার জমিদারের পূর্বপুরুষরা ছিলেন বগুড়ার অধিবাসী। জমিদার শ্রীকৃষ্ণ আচার্য প্রথম বগুড়া থেকে নৌকাযোগে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ময়মনসিংহে আসেন। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই জমিদারবাড়িটি এখন ভগ্নপ্রায়, তবুও সগর্ভে জানান দিয়ে যায় আমাদের ঐতিহ্যকে। বহু বছর কেটে গেছে, মুক্তাগাছা জমিদারবাড়ি হারিয়েছে আগের সেই ঐশ্বর্য, কোনোভাবে টিকে আছে যেন। বর্তমানে এ বাড়িটির সংস্কার কাজ হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতœতত্ত্ব অধিদপ্তর মুক্তাগাছা জমিদার বাড়ির সংস্কারের কাজ করেছে। সেখানে দেখা হয় পুরনো কয়েকজন বন্ধুদের সাথে। যাদের সাথে অনেক বছর কেটেছে পুরাকীর্তির কাজে। সময়টা ছিলো অল্প ফলে বেশিক্ষণ না থেকে জমিদার বাড়ির পাশেই দেশ সেরা মুক্তাগাছার মন্ডা নিয়ে সরাসরি আমাদের সফরের বাসে চলে আসি কিশোরগঞ্জে। গাইটাল হর্টিকালচার সেন্টারের যে স্থান থেকে প্রথমদিন বাসটি ছেড়েছিলো সেখানেই এসে সফরের সমাপ্তী ঘটলো। আমরা বাস থেকে নেমে যে যার গন্তব্যে চলে গেলেও তিন দিনের সফরটা ছিলো আনন্দের এক ঐতিহাসিক চাষী মিলনমেলা। ধন্যবাদ জানাই কৃষি বিভাগকে এমন সুন্দর একটি ভ্রমণের ব্যবস্থা নেওয়ার জন্য।