মহিনন্দ ইউনিয়ন পরিষদে পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দ রাখার জন্য ইউপি সচিবকে নির্দেশ দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী।
মঙ্গলবার, ৮ মার্চ পরিষদের চেয়ারম্যানের সাথে প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি প.প.খাতে বরাদ্দ রাখবেন বলে জানিয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণের পর থেকেই ইউনিয়নকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। পরিষদের প্রথম বরাদ্দ পাওয়ার পর পরই তিনি সর্ব প্রথমে স্বাস্থ্য খাতে বিশেষ করে মহিনন্দ কলাপাড়া কমিউিনিটি ক্লিনিকে বরাদ্দ দেওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে তালিকায় অন্তর্ভূক্ত করেছেন। তিনি এ পরিষদে এর আগে ২০০৩-২০১১ পর্যন্ত সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পুর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিষদকে আরও দক্ষতার সাথে পরিচালনার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
মহিনন্দ ইউনিয়ন পরিষদের সচিব আয়শা আক্তার বলেন, আমরা প্রতি বছরই পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দ রাখি। এবারের বাজেটেও বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন।
সম্প্রতি কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মাসিক সভায় পরিবার পরিকল্পনা সেবা শক্তিশালী করণ ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা করা হয়। এতে সভার সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও সঞ্চালক সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং উপস্থিত চেয়ারম্যানগণকে পরিষদের বাজেটে পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দ রাখার জন্য অনুরোধ করেন। এ সময় ইউনিয়নের চেয়ারম্যানগণও পরিবার পরিকল্পনার সেবার গুণগত মান বৃদ্ধি করা প্রয়োজন বলে জানান। সভায় উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাগণ,নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, সিরাক বাংলাদেশ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বরাদ্দ বৃদ্ধির সঙ্গে বাজেটের সঠিক ব্যবহারের নিশ্চিত করার মধ্য দিয়ে পরিবার পরিকল্পনার মানসম্পন্ন সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছে অ্যাডভানস ফ্যামিলি প্লানিং, মেরী স্টোপস বাংলাদেশ ও টিম অ্যাসোসিয়েটস। সম্প্রতি অ্যাডভানস ফ্যামিলি প্লানিংয়ের মিডিয়া অ্যাডভোকেসি টিম লিডার পুলক রাহা সিরাক বাংলাদেশ এর কিশোরগঞ্জ জেলা ওয়ার্কিং গ্রুপের সভায় তিনি এ আহবান জানান। তিনি বলেন, প্রতি বছর পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দ রাখা হলেও সেই অর্থ যথোপযুক্ত কাজে ব্যয় হচ্ছে না। ফলে পরিবার পরিকল্পনা সেবাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিশ্বব্যাপী করোনাকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশ তার বাইরে নয়। সাধারণত এ ধরনের অবস্থার পরপরই গর্ভধারণকারী, বাচ্চা প্রসব এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাতের সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পায়। তাই বিশ্ব মহামারির সময়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রতি আলোকপাত করেই কাজ করতে হবে। বিশেষ করে করোনাভাইরাসের সঙ্গে বৈশ্বিক ও দেশীয় বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মাতৃ ও কিশোরী স্বাস্থ্য গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর সময়ের বিভিন্ন ঝুঁকি ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি।
অপ্রত্যাশিত এই মহামারির কারণে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে অপ্রতুল তথ্যসেবা ও অপর্যাপ্ত পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবার কারণে গর্ভধারণ ও মাতৃমৃত্যুর সংখ্যা বৃদ্ধির ঝুঁকি রয়েছে। তাছাড়াও চাহিদা মাফিক গর্ভনিরোধক সরবরাহে ঘাটতির ক্ষেত্রে আগাম অনুমানের প্রতিবন্ধকতার শিকার হতে পারে বলেও অনেকেই আশঙ্কা করছেন। তাই এই মহামারির পরিপেক্ষিতে পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ ক্ষেত্রে কেবলমাত্র বাজেট বরাদ্দ যথেষ্ট নয়। বরং বরাদ্দকৃত বাজেট পরিকল্পনা মাফিক ব্যয় করা এবং মনিটরিং ব্যবস্থাকে আরো কার্যকরী করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাদ্দকৃত বাজেটে কার্যকরীভাবে ব্যয় করার জন্য মন্ত্রণালয় এবং অধিদফতরের যে কাঠামো আছে তাকে সক্রিয় করা দরকার। একইসঙ্গে সরকারি কর্মসূচিতে বেসরকারি সংস্থার অংশগ্রহণ, প্রচার ও পরিষেবা সম্প্রসারণ এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি সেবা নীতিমালা নিশ্চিতকরণের মাধ্যমে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা প্রয়োজন।