ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম কানু (৭৫) শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে... রাজেউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি আনসার ভিডিপির সাবেক উপজেলা কমান্ডার ছিলেন। এছাড়াও খড়মপুর কল্লা শাহ্ মাজার শরীফ পরিচালনা কমিটির সাবেক সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার বাদ আসর খড়মপুর মাজার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে খড়মপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেমের কফিনে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক রুমানা আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং উপজেলার আনসার ভিডিপির সদস্যরাও সালাম জানায়।
জানাজার প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তায় করেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ, সাবেক পৌর মেয়র মোঃ নুরুল হক ভূইয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: নজরুল হক ধনু, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আওয়াল তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর কাজী লিটন খাদেম, মরহুমের পুত্র দর্পন খাদেম প্রমুখ।
এদিকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম কানুর মৃত্যুতে শোক জানিয়েছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হক।