নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধগতির প্রতিবাদে শনিবার বগুড়ার আদমদীঘিতে বিএনপির বের করা বিক্ষোভ মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। জানা গেছে, ভোজ্য তেল, চাল, ডাল ও চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি আদমদীঘি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মহিত তালুকদারের নেতৃত্বে শহরের গোড়গ্রাম মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা প্রশাসনের দিকে রওনা দেয়। মিছিলটি বাসস্ট্যান্ড মসজিদের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি পন্ড করে দেয়। এরপর নেতৃবৃন্দ অপর একটি ব্যানার দিয়ে নেতা-কর্মীদের নিয়ে ফটোসেশন করে দলীয় কার্যালয়ে ফিরে যায়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মহিত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) আলমাস আলী বলেন, এখানে বিএনপির ২টি দলে বিভক্ত হওয়ার কারণে একই সময় মিছিলে আয়োজন করার কারণে মারামারি হওয়ার আশাংকায় মিছিল করতে নিষেধ করা হয়েছে।