লালমনিরহাটের কালীগঞ্জে এক প্রতিবন্ধীকে ধর্ষণের পর আত্মগোপনে ছিলেন রহিম বাদশা। টানা ১০ দিন লুকিয়ে থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি ত্রিশ বছর বয়সী এই যুবকের। অবশেষে ঢাকা থেকে রহিম বাদশাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার রহিম বাদশা কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামের বাসিন্দা। তাকে বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের মামলায় র্যাব-১৩ এর একটি দল সাভার থেকে গ্রেফতার করে।
শুক্রবার (০৪ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় সাতদিন পর ধর্ষিতার পরিবার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব-১৩ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ঢাকার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রহিম বাদশাকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল।
আসামির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রায় সময় রহিম বাদশা ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে গিয়ে তাকে কু-প্রস্তাব দিতেন। কিন্তু তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি সুযোগ খুঁজতে থাকেন। একপর্যায়ে গত ২১ ফেব্রুয়ারি ফাঁকা বাড়িতে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রহিম বাদশা। এ সময় ওই কিশোরীর বাবা-মা বাড়ির পাশে ফসলের জমিতে কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে আসলে রহিম বাদশা পালিয়ে যান। এরপর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করা চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আত্মগোপনে চলে যান।
গ্রফতার রহিম বাদশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব-১৩ এরসিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।