মণিরামপুর উপজেলার সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আলমগীর হোসেন আলম। বুধবার দুপুরে প্রিজাইডিং অফিসার মো. মকবুল হোসেনের উপস্থিতিতে শিক্ষক প্রতিনিধি এবং সাধারন অভিভাবক সদস্য’র কন্ঠ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ আলী জানান, আগামী দুই বছর বিদ্যালয়টি পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে চারজন সাধারন অভিভাবক সদস্য এবং একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত করতে গত ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচিত হন।
প্রধান শিক্ষক আরও জানান, নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং যুবলীগ নেতা আলমগীর হোসেন আলম দুটি প্যানেল থেকে আটজন সাধারন অভিভাবক এবং দুইজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে আলমগীর হোসেন আলম প্যানেল বিপুল ভোটে বিজয়ী হন।
অনুষ্ঠিত এ নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. মকবুল হোসেন বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের অফিস রুমে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আয়োজন করা হয়। সেখানে উপস্থিত তিনজন শিক্ষক প্রতিনিধি, চারজন সাধারন অভিভাবক সদস্য এবং একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য’র কন্ঠ ভোটে আলমগীর হোসেন আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, নব-নির্বাচিত এ কমিটি আগামী দুই বছর সুন্দলপুর মাধ্যমকি বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবেন।