মণিরামপুরের সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ে দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী বিরতীহীন ভোট গ্রহন শেষে চারজন অভিভাবক সাধারন সদস্য এবং একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ আলী জানান, সরকারি নীতিমালা অনুযায়ী বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসীল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। যার নির্বাচনের দিন ধার্য্য ছিলো সোমবার। নির্বাচনে ৮ জন সাধারন অভিভাবক সদস্য এবং ২ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও মণিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তি-শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১০৪ জন ভোটারের মধ্যে ৭০ জন অভিভাবক তাদের ভোটাধিকার দান করেন। নির্বাচনে আজিজুর রহমান পটু, আবদুল লতিফ, আবদুস সালাম ও আফসার দফাদার সাধারন অভিভাবক সদস্য এবং সোনালী খাতুন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, নির্বাচিত শিক্ষক প্রতিনিধি এবং সাধারন সদস্যদের সমন্বয়ে আগামী দুই বছর বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটিতে একজন সভাপতি নির্বাচিত করবেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মোঃ মকবুল হোসেন।