খুলনা জেলার দিঘলিয়ার গাজীরহাটে আতাই নদীতে স্থানীয় একজন জেলের জালে বিপন্ন প্রজাতির ১টি কচ্ছপ ধরা পড়েছে। এটির পিঠে স্যাটেলাইট ট্রাকিং ডিভাইস বসানো ছিল।
এলাকাবাসী ও দিঘলিয়ার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি শনিবার গাজীরহাট ইউনিয়নের ডোমরা গ্রামের অর্জুন বৈরাগী আতাই নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় ৮ কেজি ওজনের এই কচ্ছপটি তাঁর জালে আটকা পড়ে। কচ্ছপটির খোলসের ওপরে ট্রাকিং ডিভাইস লাগানো ছিলো। মোবাইল নং সহ কিছু সংকেত দেওয়া ছিলো। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের কর্মীরা স্থানীয় জেলের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে গাজিরহাট পুলিশ ক্যাম্পের হেফাজতে দিয়েছেন।
কেউ কেউ ধারণা করছেন, কচ্ছপটি হয়তো কোনো বেসরকারি বিনোদন কেন্দ্রের জলাশয়ে আটক ছিল। খুলনার বিভিন্ন পরিবেশবাদী সামাজিক সংগঠনের ও বন বিভাগের নিরলস অভিযানের পর আতঙ্কে তাঁরা হয়তো কচ্ছপটিকে নদীতে অবমুক্ত করেছেন।