ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে নৌকা'র বিরুদ্ধে বিদ্রোহী প্রতিদ্বন্দ্বিতা ও বিদ্রোহীদের আশ্রয়-প্রশ্রয়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে খুলনা জেলা আ'লীগ। একই সাথে নির্বাচনে আ'লীগ মনোনীত প্রার্থীর জয়-পরাজয়ের কারণ বিশ্লেষণ করবে দলটি। তাছাড়া মেয়াদ উত্তীর্ণ উপজেলা কমিটিগুলোতে সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হচ্ছে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় লোয়ার যশোর রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য সর্বোচ্চ ফোরামের সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত আসছে। ওইদিন প্রথমে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভা শেষে মধ্যহ্নভোজের বিরতির পর জেলা আ'লীগের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। জেলা আ'লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা আ'লীগের সভাপতির পরামর্শক্রমে সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী জেলা আ'লীগের বর্ধিত ও কার্য নির্বাহী কমিটির সভা আহবান করেছেন।
বর্ধিত সভায় জেলা আ'লীগের নেতৃবৃন্দ, উপজেলা আ'লীগ এবং জেলা শাখার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মানিত সভাপতি-সাধারণ সম্পাদক বা আহবায়ক-যুগ্ম আহবায়ক-সদস্য সচিববৃন্দ এবং কার্য নির্বাহী কমিটির সভায় জেলা আ'লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের যথা সময়ে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত হওয়ার জন্য জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী আহবান জানিয়েছেন।