ঝিনাইদহের হরিণাকু-ুতে উৎসবমূখর পরিবেশে শেষ হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একযোগে এই গণটিকা কার্যক্রম চলে। উপজেলার একটি পৌরসভা ও আট ইউনিয়নের ২৫টি কেন্দ্রে প্রায় দশ হাজার মানুষকে এই টিকার প্রথম ডেজ দেওয়া হয়। টিকা কার্যক্রম সফল করতে প্রতিটি কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সকালে উপজেলার ফলসী ইউনিয়নের কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম আহম্মেদ, স্বাস্থ্য কর্মকর্তা, ডা. জামিনুর রশিদ, ওসি আবদুর রহিম মোল্লা, ইউপি চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. জামিনুর রশিদ জানান, প্রতিটি ইউনিয়নের নয়শ‘ মানুষকে এই গণটিকা দেওয়ার কথা থাকলেও আমরা কেন্দ্রে আগত সব মানুষকে টিকা দিয়েছি। ১৮ বছর বয়স থেকে শুরু সব বয়সের মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রে আগত শিক্ষার্থীদেরও দেওয়া হয়েছে গণটিকা।
ইউএনও (ভারপ্রাপ্ত) সেলিম আহম্মেদ বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে এই গণটিকা কার্যক্রম শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রেই একজন ট্যাগ অফিসার, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।