পাবনার সুজানগরের হাট-বাজারে পেঁয়াজের দাম কমেছে মণপ্রতি ৪ থেকে ৫‘শ টাকা। এতে ক্রেতারা বেশ খুশি। তবে হঠাৎ করে মণপ্রতি ৪ থেকে ৫‘শ টাকা দাম কমে যাওয়ায় কৃষকের মাঝে হতাশা দেখা দিয়েছে।
সরেজমিন খোঁজ-খবর নিয়ে জানা যায়, উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ আবাদে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে গত এক সপ্তাহ আগেও প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ১৮‘শ থেকে ২হাজার টাকা দরে। এ সময় প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ৫৫থেকে টাকা ৬০টাকা দরে। অথচ মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ পেঁয়াজের দাম কমেছে ৪ থেকে ৫‘শ টাকা। বর্তমানে হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৫‘শ টাকা দরে। আর খুচরা বিক্রি হচ্ছে ৪০থেকে ৪৫টাকা দরে। উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ পেঁয়াজ চাষী কামরুজ্জামান বলেন বর্তমান বাজারে পেঁয়াজ বিক্রি করে কৃষকের উৎপাদন খরচই উঠছেনা। পেঁয়াজের বাজার সব সময় ১৫ থেকে ২হাজার টাকা মণ হলে কৃষকের লাভ হয়। অন্যথায় লোকসান হয়। তবে উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন পেঁয়াজের বর্তমান বাজার স্বাভাবিক। এর চেয়ে বাজার বেশি হলে নি¤œ এবং মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে ক্রয় করা কঠিন হয়ে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন প্রতিমণ পেঁয়াজের দাম ১৫ থেকে ২হাজার টাকা স্বাভাবিক বাজার। তবে এ বাজার কম-বেশি হওয়া নির্ভর করে ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর।