শাক-সবজি বীজ উৎপাদন করে সফল হয়েছেন উপজেলার কৃষক সুরেশ্বর মল্লিক। সবজি উৎপাদনের পাশাপাশি কৃষকদের গুরত্বপূর্ণ সহায়ক উপকরণ হচ্ছে বিভিন্ন প্রকার শাক- সবজির বীজ। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বীজ উৎপাদন করে সফল হয়েছেন খুলনার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ব্লকের গোবিন্দকাটি গ্রামের কৃষক সুরেশ্বর মল্লিক। তিনি বর্গাচাষী ও একজন প্রান্তিক কৃষক। ভোক্তাদের চাহিদা পূরণের লক্ষে এলাকায় ব্যাপক সবজির আবাদ হয়ে থাকে। যাহা দেশ বিদেশে রপ্তানি হয় প্রতিনিয়ত। কৃষকদের সবজি উৎপাদনে বীজ একটি প্রধান উপকরণ। ফলে কৃষকদের সবজি চাষাবাদের চাহিদা পূরণে এ মৌসুমে তিনি পালংশাক, ফুলকপি,শীম ও বেগুনসহ বিভিন্ন প্রকার সবজির বীজ উৎপাদন করেছেন। আর বীজ উৎপাদন করে ব্যাপক সফলতা পেয়েছেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে বিশেষ অবদান রাখায় ২০১৭ সালে জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত হন এ কৃষক।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন জানান,সুরেশ্বর মল্লিক একজন পেশাদার প্রান্তিক কৃষক। উপজেলা কৃষি দপ্তরের তত্বাবধানে সবজি বীজ উৎপাদনে সফলতা অর্জন করেছেন।