পাবনার সুজানগরের সাতবাড়ীয়া-নিশ্চিন্তপুর সড়কের কিছু অংশ অবৈধভাবে দখল করে বাঁশের ব্যবসা করা হচ্ছে। এতে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি সাধারণ জনগণের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে।
সাতবাড়ীয়া বাজারের ব্যবসায়ী রায়হান উদ্দিন জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে নির্মিত ওই সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। প্রতিদিন সড়কটি দিয়ে সাতবাড়ীয়া ও নিশ্চিন্তপুর গ্রামবাসী ছাড়াও ৬/৭টি গ্রামের জনসাধারণ মাইক্রোবাস, সিএনজি এবং ভ্যানসহ বিভিন্ন যানবাহনযোগে সাতবাড়ীয়া বাজার ও আশপাশের গ্রামে যাতায়াত করেন। সেই সঙ্গে ওই সকল গ্রামের শত শত শিক্ষার্থী সড়কটি দিয়ে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ, সাতবাড়ীয়া উচ্চবিদ্যালয় এবং সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। পাশাপাশি ওই একই সড়ক দিয়ে সাতবাড়ীয়া, তারাবাড়ীয়া ও নারুহাটি গ্রামের লোকজন সুজানগর উপজেলা সদর এবং পাবনা জেলা শহরে যাতায়াত করেন। অথচ তারাবাড়ীয়া গ্রামের চাঁদু প্রামাণিক এবং নুরুল ইসলাম দীর্ঘদিন ওই সড়কের সাতবাড়ীয়া বাজারের পাশের কিছু অংশ অবৈধভাবে দখল করে বাঁশের ব্যবসা করছেন। স্থানীয় বাসিন্দারা জানায়, ওই জায়গায় বাঁশ রাখার কারণে যানবাহনের পাশাপাশি জনসাধারণের চলাচলে চরম বিঘœ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সড়কের বেশ কিছু অংশ দখল করে বাঁশ স্তূপ করে রাখার কারণে জায়গাটি দিয়ে একই সময় একাধিক যানবাহন চলাচল করতে গিয়ে ঝুঁকির মধ্যে পড়ছে। যেকোন সময় ওই সকল যানবাহন দুর্ঘটনা কবলিত হতে পারে। সাতবাড়ীয়া বাজার বণিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন একদম বাজারের পাশের ওই জায়গা দখল করে বাঁশ রাখা অত্যন্ত অন্যায় এবং নিন্দনীয় কাজ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন বলেন সড়কের জায়গা দখল করে বাঁশ রাখলে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।