পাবনার চাটমোহর উপজেলাতে চলছে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) শীর্ষক প্রকল্পের কাজ। এই প্রকল্পের সরকারি অর্থ হরিলুটের আয়োজন করা হয়েছে। চলছে নানা অনিয়ম। ভুয়া শ্রমিক দেখিয়ে প্রকল্পে অর্ধেকেরও কম শ্রমিক দিয়ে কাজ করিয়ে এই অর্থ পকেটস্থ করার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা এ বিষয়ে সবকিছু সম্পন্ন করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
চাটমোহর উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে ১ম পর্যায়ের ৪৫টি প্রকল্পের মোট বরাদ্দ ২ কোটি ১ লাখ ৭৬ হাজার টাকা। প্রতিদিন ১ হাজার ২৭৫জন শ্রমিক এই কর্মসূচীতে কাজ করার কথা। কিন্তু কোন প্রকল্পেই নির্ধারিত শ্রমিক নেই। কেউ দেখছেনা এই বিষয়টি। হরিপুর,ছাইকোলা,ডিবিগ্রাম ও নিমাইচড়াসহ বিভিন্ন ইউনিয়নের কয়েকটি প্রকল্প পরিদর্শন করে দেখা গেছে,সকল প্রকল্পেই শ্রমিকের সংখ্যা কম। কোন প্রকল্পে ১৫ জন,কোন প্রকল্পে ১০জন আবার কোন প্রকল্পে ১২জন শ্রমিকের কোন অস্তিত্ব নেই। সরকারি অর্থ লুটপাটের কৌশলটাও ভালোভাবে করা হয়েছে। স্বজনপ্রীতির অভিযোগও পাওয়া গেছে কোথাও কোথাও।
জানা গেছে,এবারে শ্রমিকদের মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে মজুরী পরিশোধ করা হবে। শ্রমিকের মজুরী প্রতিদিন ৪০০ টাকা। চেয়ারম্যান ও মেম্বার পরস্পর যোগসাজসে প্রতিটি প্রকল্পেই ভুয়া শ্রমিকের নাম ও মোবাইল নম্বর দিয়ে দূর্নীতির আশ্রয় নিয়েছেন। এলাকাবাসী সরকারি অর্থ লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মোঃ আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ বিষয়টি ইউএনওকে বলেন। তাঁর বক্তব্য চাইলে তিনি ফের বলেন অফিসে এসে আমার বক্তব্য নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান,অনিয়মের অভিযোগে কয়েকজনকে শোকজ করা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।