মণিরামপুরে জাহানারা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামলা রোডের আবদুল লতিফের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার জয়নগর গ্রামের মৃত. লুৎফর বাবুর্চীর স্ত্রী ও আগরহাটি গ্রামের মৃত. এরশাদ আলীর মেয়ে। জাহানারা বেগম দুই মেয়ে ও এক ছেলে জননী।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামলা গ্রামের রনো নামের এক হোটেল ব্যবসায়ী সুন্দলপুর বাজারে যাওয়ার সময় সকাল ৬টার দিকে আবদুল লতিফের ধান ক্ষেতে এক নারীর মরদেহ দেখতে পায়। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করে তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে, পুলিশ বলছে ময়না তদন্ত ছাড়াই হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছেনা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ, মণিরামপুর সদর সার্কেল আশেক সুজা মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম ও শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে হত্যা করা হয়েছে, নাকি আত্মহত্যা করেছে সেটি ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা।