সুসংহত শাসনব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো নির্বাচন। অতীতে স্থানীয় সরকারসহ দেশের সব নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কখনো কখনো নির্বাচনের আগে অনাকাক্সিক্ষতভাবে অস্থিতিশীলতা, দ্বন্দ্ব-সংঘাত, হানাহানি হয়নি এমন নয়। অনেক সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতেও দেখা গেছে।
এসব দ্বন্দ্ব সংঘাতে বিভিন্ন সময় ব্যবহৃত হতে দেখা গেছে আগ্নেয়াস্ত্র। এই অভিজ্ঞতা থেকেই দেশের মানুষের মধ্যে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কিছুটা উদ্বেগ ছিল। মানুষ চেয়েছিল শান্তি বিনষ্ট না করে নির্বাচন হোক; রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক সহনশীলতার পরিচয় দিক।
দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটিতেই সহিংসতার নজির রয়েছে। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়াতে শুরু করে। ইউপি নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতার আশঙ্কা শুরু থেকেই ছিল। সহিংসতা রোধে ব্যাপক পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই, বিশেষজ্ঞরা বারবার এ কথা বলেছেন। সুনির্দিষ্টভাবে নির্বাচনের আগে তালিকা করে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করলে দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন সহিংস ঘটনা বোধ হয় ঘটত না। এর রেশ থেকে যাচ্ছে নির্বাচনের পরও।
সম্প্রতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়ায় সিদ্দিকুর রহমান সিদ্দিক নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরো তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগ নেতারা এ ঘটনার জন্য জাসদকে দায়ী করেছেন। কুষ্টিয়ায় এ ধরনের নির্বাচনী সংঘাত এটাই প্রথম নয়। নির্বাচন অনুষ্ঠানের আগেও জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে কোন সন্দেহ নেই যে, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণেই সংঘাত বাড়ে। রাজনৈতিক দাপটে আচরণবিধি আর ধোপে টেকে না। অথচ দেশের মানুষ প্রত্যাশা করেছিল বিদায়ের আগে নির্বাচন কমিশন স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা রাখবে। বিদায়ি নির্বাচন কমিশন জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। দলনিরপেক্ষভাবে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা থাকা প্রয়োজন। দেশের মানুষ যেকোনো পর্যায়ের নির্বাচনে চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের ওপরই আস্থাশীল থাকতে চায়।
নির্বাচন হোক উৎসবমুখর, হানাহানিপূর্ণ নয়। সংশ্লিষ্ট মহল বিষয়টি নিয়ে ভাববেÑএটাই প্রত্যাশা।