খুলনার পাইকগাছায় শ্রীকন্ঠপুর নিম্ন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি আজও সংস্কার হয়নি। দুই বছর আগে কে বা করা এটা ভেঙ্গে ফেলে। এবারও শুভেচ্ছা জানতে পারেনি শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলার শ্রীকান্ঠপুর নিম্ন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি ২০ জানুয়ারি ২০২০ সালে কে বা কারা ভেঙ্গে ফেলে। ওই বছর ২৪ জানুয়ারি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সালাম মোড়ল উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে লিখিত অভিযোগ করেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। ৩১ জানুয়ারি ’২১ তদন্তপূর্বক প্রতিবেদন দেয়া হয়েছে তবে আজও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে। ২০১০ সালে শহীদ মিনারটি নির্মিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি হারিছ হোসাইন জিয়া বলেন, শহীদ মিনাটি দ্রুত সংস্কার করা খুবই প্রয়োজন। শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানাতে পারছেনা শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী বলেন, শহীদ মিনারটি আমাদের না। ওটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম মোড়ল বলেন, এটা কে বা কারা ভেঙ্গেছে জানিনা। তবে সাথে সাথে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।