বিনম্র শ্রদ্ধায় খুলনার পাইকগাছায় মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে উপজেলার বিভিন্ন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে সোমবার রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসন পরে পৌরসভা, থানা ও নৌ-পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাতে কনকনে শীত উপেক্ষা করে শহীদদের শ্রদ্ধা নিবেদনে উপজেলার বিভিন্ন শহীদ মিনার চত্ত্বরে ভীড় জমায় শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের মানুষ। এ সময় ফুলে ফুলে ভরে ওঠে ওই সকল শহীদ মিনার বেদী। সূর্যদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে প্রভাতফেরি বের করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর পক্ষে ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, থানা পুলিশের পক্ষ থেকে ওসি মো. জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ পাইকগাছা উপজেলা শাখার পক্ষে সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিএনপি’র পক্ষ থেকে উপজেলা শাখার আহ্বায়ক ডা. আবদুল মজিদ, কমিউনিস্ট পার্টির পক্ষে অ্যাড. প্রশান্ত মন্ডল সহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, ষোলআনা ব্যবসায়ী সমিতি, উপজেলা পল্লী বিদ্যুৎ, লোনা পানি কেন্দ্র ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুরূপভাবে উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনিতে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন এর সঞ্চলনায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে ইউনিয়ন আওয়ামীলীগ, কলেজ, সহচরী বিদ্যামন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।