রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীর থেকে বালু উত্তোলন চলমান থাকায় হুমকির মুখে পড়েছে কৃষি জমি এবং রাস্তা ঘাট। অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে গ্রামীণ কাঁচা পাকা সড়ক ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। উপজেলা করতোয়া নদীর বুকসহ প্রায় ৫০টি পয়েন্ট থেকে ড্রেজার মেশিন দিয়ে দিবারাত্রী বালু উত্তোলনের কাজ চলছে। বিশেষ করে করতোয়া নদীতে ব্যাঙের ছাতার মতো মেশিন বসিয়েছেন বালু ব্যবসায়ীরা। উপজেলার করতোয়া নদী ছাড়াও আখিরা নদীসহ পুকুর গুলোতে ড্রেজার মেশিন বসিয়ে রাত দিন সমান করে বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে পড়েছে পার্শ্ববর্তী এলাকার কৃষি আবাদি জমি এবং ঘর-বাড়ি। অচল হয়ে পড়েছে ওই সব এলাকার চলাচলের রাস্তা-ঘাট। জানা গেছে, করতোয়া নদীর ধার ঘেঁষে টুকুরিয়া, বড় আলমপুর এবং চতরা ইউনিয়নসহ সবগুলো পয়েন্ট থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির কারণে টুকুরিয়া এবং চতরার বালু পয়েন্টের আশ-পাশের রাস্তা দিয়ে বাইসাইকেল,ভ্যান-রিক্সা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং পথচারীদের অনেকটাই হয়রানি বাড়ছে। উল্লেখ, ইতোমধ্যে বেশ কিছু বালু পয়েন্টে মাঝে মধ্যে প্রশাসন হানা দিলেও কিছুতেই যেন থামছে না বালু উত্তোলনকারীদের কর্মকান্ড। কয়েকটি বালু পয়েন্ট থেকে মোটা অংকের অর্থ জরিমানা করা হলেও তারা হার মানছে না কিছুতেই। টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন-আমার বাড়ি হতে পীরগঞ্জ পর্যন্ত রাস্তায় ধুলো আর বালু। এসব রাস্তার ধুলো বালির কারণে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেই সাথে রাস্তার দুই পাশের ঘর-বাড়ি গুলোতে ধুলো বালি ঢুকে পরিবেশ নষ্টসহ শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে। এদিকে উত্তোলিত বালু দিনরাত ড্রাম ট্রাকযোগে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে পরিবহন করা হলেও তারা নাকে তেল দিয়ে ঘুমুচ্ছেন। পীরগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার খায়রুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, করতোয়া নদী থেকে বালু উত্তোলন সরকারিভাবে নিষেধ রয়েছে। যারা অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছে তাদের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।