তেরখাদা উপজেলার কুশলা গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় জমজ শিশু মনি ও মুক্তার লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য শিশুদ্বয়ের পিতা মাসুম বিল্লাহ, নানা খায়ের শেখ ও তার স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। কন্যাশিশু দুটি’র বয়স ২ মাস।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কুশলা গ্রামের খায়ের শেখ এর মেয়ে কণা খাতুনকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহ্’র সাথে মুসলিম শরীয়াহ মোতাবেক বিয়ে দেন। দুই কন্যা শিশুকে নিয়ে কয়েকদিন আগে বাবার বাড়ী বেড়াতে এসেছিলেন কণা খাতুন। গত রাত ৩টার দিকে দুই শিশুকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন মা কণা খাতুন। ঘন্টা খানেক পর শিশুদের আর খুঁজে পাচ্ছিলেন না তিনি। তার ডাক-চিৎকারে ঘুম ভাঙে বাড়ীর অন্যদের। সে সময় স্বামী মাসুম বিল্লাহ্ ছিলেন না শ্বশুরবাড়ীতে। পরে অনেক খোঁজাখুজির পর শিশুদের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (এ) এস এম রাজু আহমেদ, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে মোল্লাহাট থেকে নিহত শিশুদের পিতা মাসুম বিল্লাহ্ও ঘটনাস্থলে পৌঁছান। পরে মাসুম বিল্লাহ্কে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম। তিনি বলেন, একই সাথে শিশুদ্বয়ের মা, নানা ও নানীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।লাশ দুটিকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তেরখাদা থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে বলে জানা যায়।