পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রানী সম্পদ প্রদর্শনীর আয়োজন শ্লোগান নিয়ে পীরগঞ্জে প্রানীসম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাঠে ওই অনুষ্ঠান উদ্বোধনের ২ ঘন্টা পরই নানান অব্যবস্থাপনার মধ্য দিয়ে বিকেল ৪ টায় শেষ হয়ে যায়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমদ সোনা, পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার প্রমুখ। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ওই প্রদর্শনী শেষ হয়। অতিথি বক্তাগণ বলেন, প্রানী সম্পদ বিভাগের এই প্রদর্শনী সকাল ১০ টায় উদ্বোধন করার কথা থাকলেও বেলা ২ টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ফলে প্রচারণা কম হওয়ায় খামারীদের উদ্বুব্ধ করা এবং সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়নি। পাশাপাশি প্রদর্শনীতে বেশকিছু গবাদিপশু আনা হলেও বরাদ্দ থাকা সত্বেও সেগুলোকে খাবার দেয়া হয়নি। গতকালের অনুষ্ঠানে অব্যবস্থাপনার ব্যাপারে অধিকাংশ বক্তাই ক্ষোভ প্রকাশ করে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তাজুল ইসলামকে দোষারোপ করেন। জানা গেছে, ওই অনুষ্ঠানের জন্য সরকারিভাবে ২ লক্ষ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ওই বরাদ্দের মধ্যে ৫০ অতিথির আপ্যায়নে ২০ হাজার টাকা, অনুষ্ঠানে আগত ৩'শ জনের আপ্যায়নে ৬০ হাজার টাকা, ডেকোরেশনে ৬৯ হাজার ৫'শ টাকা, প্রচারণায় ৫ হাজার টাকা, খামারীকে পুরষ্কার প্রদানসহ বিভিন্নখাতে বরাদ্দ ছিল। কিন্তু অনুষ্ঠানের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করতেই দায়সারাভাবে প্রদর্শনী অনুষ্ঠানটি করা হয়েছে বলে বক্তাগণ অভিযোগ করেন। মেলা শেষে অনেকই খাবারও পায়নি। সেইসাথে একই অনুষ্ঠানে পৃথক ৩ টি মেলাও করা হয়। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, অনুষ্ঠানে অনেকেই অভিযোগ করেছেন। সে বিষয়গুলোও দেখছি।