মণিরামপুর উপজেলার বেগারীতলা-জামতলা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা খুবই আশংকাজনক বলে জানা গেছে। বুধবার সকাল ৯টা ২৫ মিনিটের সময় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানাযায়, এদিন সকালে যশোরগামী শ্রমীকবাসী একটি আলমসাধু বেগারীতলার জামতলায় পৌছালে পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এ সময় আলমসাধুটি রাস্তার পাশে খানাখন্দে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রমিকরা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীকে খবর দিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করে এবং ট্রাকটিকে আটকে রাখে। যার নম্বর যশোর-চ-১১-৪১৩৭।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস বলেন, স্থানীদের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আহত কমপক্ষে ১০ দিনমজুর শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের লেয়াকত শেখ (৬২), হান্নান শেখ (৩৭), আনোয়ার শেখ (৪০), সাগর হোসেন (২৭), মান্নান শেখ (৩০), ইসমাইল শেখ (২৭), ওসমান আলী (৫০), সোবহান আলী (২০), নুরুল ইসলাম (২২) ও সাগর হোসেন (২৫)।
তিনি আরও বলেন, আহতদের সকলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা খুবই আশংকাজনক। আহতরা সকলেই একই উপজেলার একই গ্রামের বাসিন্দা ছিলেন। তারা সবাই জীবিকার অন্বেষণে শ্রমিকের কাজে যশোর যাচ্ছিলেন বলে তিনি জানিয়েছেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাকবলিত ট্রাকটিকে থানা হেফাজতে আটক রাখা হয়েছে। তবে, এ ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।