প্রত্যেক দেশের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য থাকে। এগুলো হলো অমূল্য সম্পদ। উন্নত জাতিগুলো তাদের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় বিশেষ গুরুত্ব দেয়। পৃথিবীর সামনে তাদের ঐতিহ্য নিয়ে গর্ব করে, অহংকার করে। পরম যতেœ রক্ষা করে ইতিহাস-ঐতিহ্যের অমূল্য নিদর্শনগুলো। দর্শনীয়ভাবে সেগুলো তুলে ধরে বিশ্ববাসীর কাছে।
কিন্তু আমাদের সেই পরিকল্পনা নেই। আমরা যেন তার বিপরীত প্রান্তে হাঁটছি। ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে আমাদের আগ্রহের অভাব অত্যন্ত বেদনাদায়ক। সারা দেশে প্রতœতাত্ত্বিক নিদর্শন রক্ষায় সেই আগ্রহের অভাব অত্যন্ত সুস্পষ্ট। এই ধ্বংসাত্মক প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মগুলো যেন তাদের পরিচয় নিয়ে গর্ব করতে পারে, ঐতিহ্য নিয়ে অহংকার করতে পারেÑসেভাবেই আমাদের ঐতিহ্য রক্ষার উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশে নগরসভ্যতার উন্মেষ মূলত ঢাকাকে কেন্দ্র করে। রাজধানী ঢাকার সেই প্রাচীন অংশটিই আজ ‘পুরান ঢাকা’ হিসেবে পরিচিত। তখন সেটি প্রশাসনের কেন্দ্রবিন্দু হওয়ায় সেখানে গড়ে উঠেছিল বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। ৪০০ বছরেরও বেশি পুরনো সেসব স্থাপনার অনেকই হারিয়ে গেছে বা যাওয়ার পথে। ঐতিহ্য রক্ষার প্রয়োজনে সেসব স্থাপনা রক্ষায় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সেই উদ্যোগগুলো যেন পুরান ঢাকার আধুনিকায়নকে বাধাগ্রস্ত না করে কিংবা এখানকার জনজীবনের সঙ্গে সাংঘর্ষিক না হয় সেদিকেও লক্ষ রাখতে হবে। পুরান ঢাকার বেশির ভাগ রাস্তা অত্যন্ত সরু। সাম্প্রতিক সময়ে কিছু অগ্নিকা-ের সময় দেখা গেছে, এসব সরু রাস্তা বা গলিপথে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। ফলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়। অনেক রাস্তায় ছোটখাটো অ্যাম্বুল্যান্সও ঢুকতে পারে না। অসহনীয় যানজট পুরান ঢাকার নিত্যসঙ্গী। পয়ঃপ্রণালী ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় বর্ষায় জলজটের ভোগান্তিও থাকে অনেক বেশি। তদুপরি ঢাকায় যে ৭০ হাজার ভবনকে ভূমিকম্পে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারও একটি বড় অংশ রয়েছে এই পুরান ঢাকায়। তাই পুরান ঢাকার ঐতিহ্য রক্ষার পাশাপাশি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া জরুরি হয়ে উঠেছে।
এজন্য দরকার সরকারের সদিচ্ছা। দরকার সুনির্দিষ্ট নীতিমালা। পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও নাগরিক সুবিধা উন্নয়নের সরকার দ্রুত কার্যকর ও সমন্বিত নীতিমালা গ্রহণ করবে এটাই প্রত্যাশা।