অবশেষে পাবনার সুজানগরের ভবানীপুর কাচারীপাড়ায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ইতোপূর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল কাচারীপাড়ায় অযতœ অবহেলায় পড়ে থাকা ওই স্টেডিয়ামটিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার ঘোষণা দেন। আর গতকাল রোববার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব লুলু বিলকিস বানু সরেজমিন ওই স্টেডিয়ামটি পরিদর্শন করার মধ্য দিয়ে উপজেলাবাসীর সেই বহুকাঙ্খিত স্বপ্ন পূরণ হতে চলছে। পরিদর্শনকালে তার সঙ্গে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী ও জেলা ক্রীড়া অফিসার আবদুর রফিক উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হাই বলেন বিগত জাতীয় পার্টি সরকারের আমলে উপজেলার ভবানীপুর কাছারি পাড়ায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয় একটি স্টেডিয়াম। সেই সাথে ফুটবলসহ বিভিন্ন খেলার ধারাভাষ্য দেওয়ার জন্য স্টেডিয়ামের পাশে নির্মাণ করা হয় একটি অফিস। সে সময় উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ওই স্টেডিয়ামে সারা বছর ধরে ফুটবল, ভলিবল এবং হাডুডুসহ বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। স্থানীয় পর্যায়ের খেলাধুলার পাশাপাশি আয়োজন করা হতো আন্তঃজেলা ফুটবল খেলাধুলা। ওই সব খেলা দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক এসে ওই স্টেডিয়ামে ভীড় করতেন। তাছাড়া সরকারের মন্ত্রী এমপিসহ উচ্চ পদস্থ কর্মকর্তারাও ওই সব খেলা দেখতে এবং উদ্বোধন করতে সুজানগর স্টেডিয়ামে আসতেন। সবমিলিয়ে তখন স্টেডিয়ামটি ছিল জমজমাট খেলার আসর। কিন্তু কালের আবর্তনে ঐতিহ্যবাহী ওই স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ হয়ে যায়। বিশেষ করে ৯০’র দশকের শেষের দিকে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে স্টেডিয়ামটি ধীরে ধীরে গোচারণ ভূমিতে পরিণত হয়। সেই সঙ্গে ধারাভাষ্য অফিসটিও ভেঙ্গে যায়। তাছাড়া দেখার অভাবে স্টেডিয়ামের বেশ কিছু জায়গা বেহাত হয়ে যায়। তবে দীর্ঘদিন পরে হলেও স্টেডিয়ামটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হতে যাওয়ায় তিনি খুশি।