খুলনার পাইকগাছায় অবৈধ দখলদারিত্ব থেকে সরকারি সম্পত্তি উদ্ধার করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। জানা যায়, রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, আনসার সদস্য রাকিব, আমিনুল ও জাহাঙ্গীর অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে থাকা প্রায় ৫ একর সরকারি সম্পত্তি উদ্ধার করে লাল পতাকা টানিয়ে দেন। উপজেলার লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মীর রেজওয়ান আলী জানান, লস্কর ইউনিয়নের কড়-লিয়া মৌজার এস এ খতিয়ান নং-০১, দাগ নং-৩০৪ এর প্রায় ৫ একর সরকারি সম্পত্তি কতিপয় ভূমিদস্যু অবৈধভাবে জবরদখল পূর্বক ভোগ দখলের চেষ্টা করছিলেন। এদের মধ্যে লস্করের আমির হোসেন খাঁর ছেলে এয়াকুব্বর আলী খাঁ প্রায় ০২ একর, ছমির খাঁর ছেলে জাহান বক্স খাঁ প্রায় ০১ একর, ছমির সরদারের ছেলে আবদুল খালেক সরদার প্রায় ৬৬ শতক এবং আমির হোসেন খাঁর ছেলে ইউনুস আলী খাঁ প্রায় ৫০ শতক জমি অবৈধভাবে দখল করে নিয়েছিলেন। সাথে সাথে বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ফোর্স প্রেরণ করেন। তাদের সহযোগিতায় সরকারি সম্পত্তি দখলমুক্ত এবং লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। এ সময় কিছু দিনমজুরকে ওই জমিতে বাঁধ দিতে দেখা যায়। জানতে চাইলে তারা বলেন, লস্করের ইউনুস আলী খাঁর স্ত্রী হাসনাহেনা তাদেরকে ওই কাজের জন্য দিনমজুর হিসাবে নিয়োগ করেছেন। এর বেশি কিছু তারা জানেন না। উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম জানান, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নেই। আমরা মাইকিং করে বিষয়টি সর্বসাধারণকে জানিয়ে দিয়েছি। অবৈধ দখলদার যেই হোক প্রশাসনের পক্ষ থেকে কোনরূপ ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।