বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক মোঃ লিয়াকত হোসেন বলেছেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের দর্শন ও সৃজনশীলতাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে তা সংরক্ষণ করতে হবে। কবির স্মৃতি বিজড়িত সকল ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ কল্পে সব জায়গায় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা করা হবে। কবি কৃষ্ণ চন্দ্র মজুমদারের স্মৃতি বিজড়িত সকল স্থান হবে পর্যটন কেন্দ্র।
তিনি গত ১২ ফেব্রুয়ারী শনিবার বিকালে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে কবি কৃষ্ণ চন্দ্র মজুমদারের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সেনহটি শিববাড়ি শিব মন্দীর সংলগ্ন কবির পৈত্রিক বসতবাড়ি (যা দীর্ঘদিন ধরে বেদখল হয়ে পড়েছে) এবং বর্তমান কবি কৃষ্ণ চন্দ্র ইনস্টিটিউট সরেজমিনে পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সেনহাটি আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসিফ আলতাফ, তরুন সমাজ সেবক, সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, সোনালী ব্যাংকের কর্মকর্তা ও সুগন্ধী গ্রামের কৃতী সন্তান মোল্লা মাকসুদুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি শেখ মনিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।