রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভুমিহীন ও অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে গড়ের উপর। মাটির ঘর নির্মাণ করে নামমাত্র ছাউনি দিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাত কাটাচ্ছেন তারা। আকাশে মেঘ জমলে, মেঘের গর্জনে এরা ভয় পায়। অর্থের অভাবে ঘর তৈরী করতে না পারায় কয়েকটি পরিবারের মানুষ মানবেতর জীবনযাপন করছে। উপজেলার চতরা গড় এলাকা ঘুরে দেখা যায়,পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের শমসের পাড়া থেকে ধর্মদাস পলিপাড়া পর্যন্ত গড়ের উপর হাজারো মানুষের বসবাস। এদের মধ্যে আবার অনেক স্বচ্ছল পরিবার গড়ের খাস জায়গা দখল নিয়ে পাকা ঘর নির্মাণ করেছে। তাদের পাশাপাশি কয়েক গ্রাম থেকে এসে ৫০ টিরও বেশি ভুমিহীন পরিবার মাটির ও টিনের তৈরি ঘর তৈরী করে রাত কাটানোর আশ্রয় করে নিয়েছে। এ ছাড়া বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া ভুমিহীন পরিবারের লোকজন অই গড়ে ঠাঁই করে নিয়েছে। অনেকে আবার প্রতাবশালীদের দখল করে নেয়া জায়গা টাকা দিয়ে ক্রয় করে ঘর বানিয়েছেন। এগুলোর মধ্যে ২০ টির মতো পরিবার দিন এনে দিন খায়। জমার ঘর শুন্য। তাদের ঘরের ভিতর থেকে আকাশের দৃশ্য চোখে পড়ে। বৃষ্টি বাদলের সময় বড় অসহায় হয়ে পড়ে এসব পরিবারের লোকজন। শমসের পাড়া গ্রামের ভুমিহীন আমজাদ আলী ও আজিজার রহমান বলেন তারা গত ৩০ বছর থেকে অই গড়ের উপরই বসবাস করছেন। মাটির তৈরী দেয়াল বর্ষা এলেই ধ্বসে ভেঙে যায়। মেরামত করতে হচ্ছে বছরের পর বছর। এরা সরকারের দেয়া উপহার মডেল ঘর প্রত্যাশা করলেও কোথায় কিভাবে চাইতে হবে তা তারা জানে না ? কয়েকটি ভুমিহীন পরিবারের লোকজন জানায়,ইউনিয়ন ও উপজেলা ভুমি অফিসে ঘরের জন্য যোগাযোগ করেও কোন ফল পাননি। কতদিনের মধ্যে উপহার ঘর জুটবে তাদের কপালে ? এই হিসাব নিয়েই তাদের দিন কাটছে। চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন প্রতিটি ভুমিহীন পরিবার ঘর বরাদ্দ পাবে। এ বিষয়ে চতরা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা নুরে আলমের সাথে ভুমিহীনদের বিষয় নিয়ে কথা হলে তিনি বলেন তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘর পাবে,তবে সময় লাগবে।