রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামের ইউপি সদস্য কর্তৃক আপন ভাইকে হত্যার ৩৬ ঘন্টার মধ্যে ঘটনার মূল নায়ক ইউপি সদস্য ইন্তাজ মোল্লাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান গতকাল ১০ ফেব্রুয়ারী দুপুরে র্যাব-৬ এবং থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকার এক আত্মীয় বাড়ী থেকে ইন্তাজ মোল্লাকে আটক করা হয়। আটকের পর র্যাব সদস্যরা ইন্তাজ মোল্লাকে থানা পুলিশের কাছে সোপর্দ করলে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনার হোতা ইন্তাজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানান জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আসামীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারী বিকাল ৫ টার পর ওই গ্রামের মৃত ইকলাস মোল্লার পুত্র ইসরাইল মোল্লা (৫০) নিজ বাড়ীতে অবস্থান করছিলেন। আকস্মিক ভাবে তার বাড়ীতে হামলা চালায় নিহতের আপন ভাই, ইউপি সদস্য ইন্তাজ মোল্লা (৬০) তার পুত্র সোহাগ (২৫) সহ আরেক ভাই মারুফ মোল্লা। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তারা বেধড়ক ভাবে বাশের লাঠি দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয়। ঘটনাস্থলে স্ত্রী খাদিজা পারভীন পৌছায়ে ডাক চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। দ্রুত ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনার পর নিহতের স্ত্রী খাদিজা পারভীন বাদী হয়ে ইন্তাজ মোল্লাকে প্রধান আসামি করে মামলা দায়ের করে।