রংপুরের পীরগাছায় ১২ বছরের এক কিশোরকে চুরির অভিযোগে মারপিট ও শরীরে সুঁচ ঢুকিয়ে নির্যাতন করার অভিযোগে এক পশু চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১ জানুয়ারী নির্যাতনের ঘটনা ঘটলেও বিচারের নামে কালক্ষেপণ ও ধামাচাপার চেষ্টার পর গত বুধবার রাতে অভিযুক্ত পশু চিকিৎসক জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার অন্নদানগর ইউনিয়নের নবু পাঠান পাড়া গ্রামের মৃত আবদুল আউয়াল মিয়ার স্ত্রী সাবিনা খাতুন ও তার কিশোর সন্তান আবু জাহিদ গত ৩১ জানুয়ারী রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। ওই দিন রাত সাড়ে ১২ টার দিকে তাদের প্রতিবেশি আবদুল বারেক মিয়ার ছেলে পশু চিকিৎসক জাহিদুল ইসলাম তার বাড়ি থেকে টাকা চুরি হয়েছে বলে কয়েকজনকে সাথে নিয়ে সাবিনার বাড়িতে যায় এবং তাকে ও সন্তান আবু জাহিদকে ঘুম থেকে ডেকে তোলেন। এ সময় তারা জাহিদকে ধরে জাহিদুলের বাড়ির একটি কক্ষে আটকে রেখে মারপিট ও শরীরের বিভিন্ন স্থানে সুঁচ ঢুকিয়ে নির্যাতন করে। আবু জাহিদ স্থানীয় সাতদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। কিশোরের আত্ম চিৎকারে তার মা সাবিনা বেগম এগিয়ে এসে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বিষয়টি নিয়ে বিচারের নামে কালক্ষেপণ ও ধামাচাপার দেওয়ার চেষ্টা করা হলেও কোন সমাধান হয়নি।
পরে কিশোর জাহিদ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে গত ৮ ফেব্রুয়ারী তাকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তার মা সাবিনা বেগম বাদি হয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কিশোর জাহিদের মা সাবিনা বেগম বলেন, আমরা গরীব মানুষ। তাই কোন বিচার পাই না। আমার ছাওয়াটাক নিয়া যায়া এইভাবে মারলো কেউ প্রতিবাদ করলো না। বিচার হয়-হইবে বলে আর হইলো না। তারা হামাকও মারছে। হামার ঘর থাকি টাকা নিয়া গেইছে। তাই থানাত মামলা দিছি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ মিয়া বলেন,অভিযোগের পর বুধবার রাতে অভিযুক্ত পশু চিকিৎসক জাহিদুল ইসলাম স্থানীয় সাতদরগা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।