মহাবিশ্বের একমাত্র বাসযোগ্য সবুজ সুন্দর এই পৃথিবী গ্রহ দিন দিন হুমকির মুখে পড়ছে। মানবসৃষ্ট নানা কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ।
জলবায়ুর পরিবর্তনে বলতে গেলে বহু জনগোষ্ঠীর অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে। তাই বিশ্বব্যাপী জনসচেতনতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে বৈশ্বিক জনমত গড়ে উঠছে।
এরই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী শুরু হয়েছে সবুজ কারখানা নির্মাণের তোড়জোড়, যেসব কারখানায় জীবাশ্ম জ¦ালানি কম ব্যবহার হবে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমে যাবে, পানির অপচয় অনেক কম হবে, রিসাইকল বা পুনর্ব্যবহার বেশি হবে। ফলে এসব কারখানা পরিবেশের ক্ষতি কম করবে, অথচ উৎপাদন একই রকম থাকবে। বিশ্বব্যাপী ক্রমেই বাড়ছে সবুজ কারখানায় উৎপাদিত পণ্য বা সবুজ পণ্যের চাহিদা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প খাতে, বিশেষ করে তৈরি পোশাকশিল্পে শুরু হয়েছে সবুজ কারখানা তৈরির আয়োজন। বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের ১৫৭টি কারখানা এরইমধ্যে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। পাইপলাইনে আছে আরো ৪০০ থেকে ৫০০টি কারখানা। তবে সবুজ কারখানা তৈরি বা রূপান্তরের গতি এখনো খুব ধীর। সবুজায়নে যুক্ত হওয়া নতুন কারখানাগুলোর জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের নীতি সহায়তা পাওয়া প্রয়োজন তা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বলেই মনে করেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। এই সবুজায়নে সরকারের পক্ষ থেকে যে ২ শতাংশ প্রণোদনা দেওয়ার কথা রয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে সেটি পাওয়ার জন্যও অনেক বেগ পেতে হয়, যা প্রকারান্তরে সবুজায়নের গতিকে শ্লথ করে দিচ্ছে।
এতে কোন সন্দেহ নেই যে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আন্তর্জাতিক বাজারের চাহিদাগুলো পূরণ করতেই হবে। শুধু একটি রানা প্লাজা দুর্ঘটনার কারণে আমাদের তৈরি পোশাক খাত অনেকটাই পিছিয়ে পড়েছিল। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধাসহ আরো অনেক সুবিধা হারিয়েছিল। এরপর দেশি-বিদেশি সম্মিলিত উদ্যোগে পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে এসেছে। বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে যেসব আন্তর্জাতিক সংস্থা কাজ করেছিল, তারা বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশের ভূয়সী প্রশংসা করছে। এই ‘বাংলাদেশ মডেল’ তারা অন্যান্য দেশেও প্রয়োগের চেষ্টা করছে। আমরা আশা করি, একইভাবে সবুজ কারখানা নির্মাণের ক্ষেত্রেও বিশেষ ‘বাংলাদেশ মডেল’ তৈরি হতে পারে।
বিশ্ববাজারে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকের অবস্থান আরো ভালো করতে চাইলে আমাদের কারখানাগুলোকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতেই হবে। এজন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে। সরকার নীতি সহায়তা ও পৃষ্ঠপোষকতা বাড়াবে, এবং কারখানাগুলোর সবুজায়ন ও আধুনিকায়নের জন্য যথাযথ বিনিয়োগ করবে এটাই কাম্য।