পাবনার সুজানগরের নাজিরগঞ্জ গোপালপুর গ্রামে স্বামীর লাঠির আঘাতে এক স্ত্রী আহত হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত আলেয়া খাতুন (২৫) ওই গ্রামের লিটন মোল্লার স্ত্রী এবং উপজেলার চিনাখড়া জোড়পুকুরিয়া গ্রামের মোজাম্মেল হক প্রামাণিকের মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আলেয়ার ভাই হাফিজুল ইসলাম জানায়, দীর্ঘ ১৮বছরের দাম্পত্য জীবনে তার বোন আলেয়ার কোন সন্তানাদি হয় নাই। আর এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলার কারণে বেশিরভাগ সময় তার বোন আলেয়া তাদের বাড়িতে থাকতো। শুক্রবার বিকালে ওই লিটন তার স্ত্রী আলেয়াকে তাদের বাড়িতে নিয়ে আসতে শ্বশুর বাড়ি খবর দেয়। খবর পেয়ে ওই হাফিজুল বোন আলেয়াকে নিয়ে ভগ্নিপতির বাড়িতে যায়। রাত ৯টার দিকে ওই একই বিষয় নিয়ে আলেয়া এবং তার স্বামী লিটনের মধ্যে প্রচ- বাগবিত- হয়। একপর্যায়ে লিটন উত্তেজিত হয়ে ঘরের দরজা আটকিয়ে আলেয়াকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় আলেয়ার ভাই ওই হাফিজুল এগিয়ে গেলে তাকেও সে মারপিট করে। পরে স্থানীয় বাসিন্দারা এসে রক্তাক্ত অবস্থায় আলেয়া এবং হাফিজুলকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে সুজানগর থানায় কোন অভিযোগ হয়নি। তবে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন অভিযোগ হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।