মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মেয়ে নুরুন নাহার চৌধুরী ঝর্ণা আইন বিষয়ে উচ্চশিক্ষার জন্য গত ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। তার পর থেকেই মতলববাজ কিছু লোক ফেসবুকে তাঁর নামে নানা ধরনের অপপ্রচার চালাতে থাকে। তিনি নাকি সেখানে ছোট কাপড় পরছেন, এক হিন্দু ছেলেকে বিয়ে করেছেন ইত্যাদি। ঝর্ণা সব অভিযোগ অস্বীকার করেছেন। তা সত্ত্বেও গ্রামের মসজিদ পঞ্চায়েত কমিটি একতরফা সালিসের মাধ্যমে গ্রামে থাকা ঝর্ণার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দিয়েছে। ঝর্ণার বৃদ্ধ পিতা হাজি আবদুল হাই চৌধুরী স্থানীয় প্রশাসনের কাছে লিখিতভাবে এই ঘটনার প্রতিকার চেয়েছেন। জানা যায়, ঝর্ণা ‘পজিটিভ জেনারেশন অব সোসাইটি, বাংলাদেশ’ নামে একটি সামাজিক সংগঠনের সঙ্গে ২০০৮ সাল থেকে যুক্ত। ২০১৩ সাল থেকে তিনি সংগঠনটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। সংগঠনটি নারী অধিকার ও নারীশিক্ষা নিয়ে কাজ করে। যে কারণে আগেও এলাকার অনেকে তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালায়। উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তা আরো জোরদার হয়। গত ৮ জানুয়ারি এসব নিয়ে ঝর্ণার বাবা আবদুল হাই চৌধুরী শাহপরান থানায় একটি জিডি করেন, কিন্তু অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। এই পর্যায়ে গত শুক্রবার ভাটেরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চায়েত কমিটি সালিস ডাকে এবং ঝর্ণার বাবাকে উপস্থিত থাকার জন্য চাপ দেয়। জানা যায়, ঝর্ণার বাবা ৭০ বছর বয়সী আবদুল হাই চৌধুরীর এরইমধ্যে তিনবার স্ট্রোক হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত না হওয়ায় পঞ্চায়েত কমিটি আরো খেপে যায় এবং তাঁকে ও তাঁর পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত নেয়।
সালিস ও ফতোয়ার নামে অতীতে বহু অনাচার হয়েছে। দ্বিতীয় বিয়ে বিধিসম্মত না হওয়ার অভিযোগে সিলেটে নূরজাহান নামে এক নারীকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছিল। ফরিদপুরে এক নারীকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। বহু জায়গায় বহু নারীকে প্রকাশ্যে দোররা মারার ঘটনা ঘটেছে। অপমান সইতে না পেরে অনেকে আত্মহত্যা করেছে। আর এসব রায় দিয়েছে তথাকথিত গ্রাম্য সালিস, যাদের এমন রায় দেওয়ার কোনো আইনি অধিকারই নেই। অতীতের ঘটনাগুলোতে দেখা গেছে, স্থানীয় প্রভাবশালীরা ব্যক্তিগত ক্ষোভ মেটাতে নানা কাঠামোর গ্রাম্য সালিসকে ব্যবহার করে। এর আগে সুনামগঞ্জে এক দরিদ্র মুক্তিযোদ্ধাকে শায়েস্তা করার লক্ষ্যে স্থানীয় এক ‘আলেম’ তাঁর মেয়েকে ১০১টি দোররা মারার নির্দেশ দিয়েছিলেন। পেছনে ছিল স্থানীয় কিছু প্রভাবশালী। প্রশাসনের হস্তক্ষেপে মেয়েটি শাস্তির হাত থেকে রক্ষা পেলেও তার আগেই সেই মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে মসজিদের চারপাশে ঘোরানো হয়েছিল। বলা যায়, এমন ঘটনারই পুনারাবৃত্তি ঘটল কুলাউড়ায়। আমরা চাই না এমন ঘটনা আর ঘটুক। কুলাউড়ার ঘটনায় ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। একটি পরিবারের সুনাম নষ্ট করার অভিযোগে মসজিদ পঞ্চায়েত কমিটিকেও আইনের মুখোমুখি করা হোক। দেশে এই ধরণের নোংরা কাজ বন্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে।