কিছু কিছু মানুষ শুধু নিজেকে ছাড়া অন্যকিছু ভাবতে পারেন। এরা সবসময় নিজের স্বার্থ হাসিলের জন্যই তৎপর থাকে। আত্মস্বার্থসন্ধানী এসব মানুষের কারণে সাধারণ মানুষের কল্যাণ সাধন ব্যাহত হয়। কেননা এরা অন্যের জিনিস আত্মসাৎ করতেও পিছপা হয় না।
এটি অত্যন্ত লজ্জাকর যে, স্বাধীনতার পাঁচ দশক পরে এসেও এ দেশে বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে সেই দুঃখ আর লজ্জা ঘোচানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঘোষণা দিয়েছিলেন, এ দেশে কোনো ভূমিহীন বা গৃহহীন থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে মোট আট লাখ ৮২ হাজার গৃহহীন ও ভূমিহীন মানুষকে ঘর ও জমি দেওয়ার বিশাল উদ্যোগ নেওয়া হয়।
এই মহতী উদ্যোগের কাজও এগিয়ে চলে অতি দ্রুত, কিন্তু অন্য অনেক ক্ষেত্রের মতো এই মহতী উদ্যোগের মধ্যেও কিছু লোভী মানুষের হস্তক্ষেপ হতে থাকে। অনেক জায়গায় ছয় মাস না যেতেই হস্তান্তর করা ঘরে ফাটল দেখা দেয়। ভেঙে পড়ার উপক্রম হয়। প্রশাসনের কিছু ব্যক্তির বিরুদ্ধেও দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠতে থাকে। এমন অভিযোগে বেশ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) ওএসডি করা হয়েছিল। মন্ত্রণালয়ের বিস্তারিত তদন্তের পর তাঁদের একজনের বেতন গ্রেড কমিয়ে দেওয়া হয় এবং একজনকে ‘তিরস্কার’ করা হয়। একজনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে। বাকিদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এতে কোন সন্দেহ নেই যে, স্বাধীনতার পাঁচ দশক পরেও দেশে প্রচুর সংখ্যায় ভূমিহীন, গৃহহীন ও ভাসমান মানুষ থাকাটা মোটেও কাক্সিক্ষত নয়। এটি মুক্তিযুদ্ধের সব অর্জনকে ম্লান করে দেয়। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী, কিন্তু সেটি বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠছে, তা কোনোভাবেই কাম্য নয়।
আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি এতেও কোন সন্দেহ নেই। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। মানুষের মাথাপিছু বার্ষিক আয় আড়াই হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। এখনো এ দেশে বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই থাকবে না, এমনটা হতে পারে না। হওয়া উচিতও নয়। গৃহহীন, অসচ্ছল মুক্তিযোদ্ধাসহ দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের যেসব প্রকল্প ও কর্মসূচি রয়েছে, সেগুলোর বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে এটাই কাম্য।