পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদী থেকে মানুষের বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভাঙ্গুড়ার কৈডাঙ্গা রেলব্রিজের নীচে গুমানী নদী থেকে মানুষের বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও স্থনীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার কৈডাঙ্গা রেল ব্রিজের নিচে গুমানি নদীতে মাছের ঘেরে মাছ ধরছিলেন স্থানীয় জেলেরা। এ সময় তাঁদের জালের সাথে একটা প্লাস্টিকের বস্তা ওঠে আসে। পরে বস্তার মুখ খুলতেই ভিতরে মানুষের মাথার খুলিসহ হাড়গোড় পাওয়া যায়। তাতক্ষণিকভাবে তাঁরা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে মানুষের হাড়গোড় উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা ( ওসি) মুহা: ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, উদ্ধারকৃত কঙ্কাল ডিএনএ পরীক্ষার জন্যে প্রাথমিকভাবে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।