পাবনার সুজানগরের মোমরাজপুর মৌজায় অবস্থিত ৭শতাংশ জমি কতিপয় প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখল করে বাড়ি-ঘর নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক ফজলুর রহমান মেম্বার গত সোমবার সুজানগর থানায় একটি অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মুজাইতপুর গ্রামের প্রাক্তন মেম্বার ওই ফজলুর রহমান ২০০২সালে ক্রয়সূত্রে ওই জমির মালিক হয়ে নিজ নামে নামজারি করে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। কিন্তু গত ১৪জানুয়ারী ওই মোমরাজপুর গ্রামের প্রভাবশালী রমজান কসাই ও তার লোকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই জমি তাদের দাবি করে জোরপূর্বক দখলে নিয়ে সেখানে বাড়ি-ঘর নির্মাণ করে। এ সময় ফজলু মেম্বার বাধা দিতে গেলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি ভবিষ্যতে ওই জমির উপর গেলে পরিণাম ভয়াবহ হবে বলেও হুমকি দেয়। ফলে তিনি বাধ্য হয়ে বাধা প্রদান থেকে বিরত থাকেন। এ ব্যাপারে জানতে ওই রমজান কসাইকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন অভিযোগ পেয়েছি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।